India on Iran Israel War: ইরানের আকাশপথে হামলা ইজরায়েলের, যুদ্ধ থামাতে দুই দেশকেই কড়া বার্তা ভারতের
India on Israel Iran War: ইরানের সেনা ঘাঁটিতে ইজরায়েলের হামলা নিয়ে এবার কড়া প্রতিক্রিয়া দিল ভারত। শনিবার এনিয়ে বিবৃতি জারি করে ভারত সরকারের বিদেশমন্ত্রক (Ministry of External Affairs)। সেখানে ফের একবার যুদ্ধ থামিয়ে কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের কথা বলা হয়। প্রথম থেকেই যুদ্ধ না করে শান্তি আনার পক্ষে সায় দিয়েছে নরেন্দ্র মোদীর (Narendra Modi) সরকার।
বিবৃতিতে বিদেশ মন্ত্রক জানায়, পশ্চিম এশিয়ায় যুদ্ধ (War in West Asia) নিয়ে উদ্বিগ্ন ভারত। ওই এলাকায় জনমানসে শান্তি বিঘ্নিত হয়েছে। পারস্পারিক এই শত্রুতার জেরে আদতে কারও লাভ হবে না বলেও জানায় বিদেশমন্ত্রক। যুদ্ধে কেবল দেশের সাধারণ নাগরিকদের দুর্দশা পোহাতে হয়। সেখানের প্রবাসী ভারতীয়দের সঙ্গে যোগাযোগ রেখে চলা হচ্ছে বলেও বিবৃতিতে জানিয়েছে এস জয়শঙ্করের (S Jaishankar) মন্ত্রক।

শনিবার কাকভোরে ইরানের আকাশপথে হামলা চালিয়েছে ইজরায়েল (Israel attacks Iran)। ইরানের সেনাঘাঁটি লক্ষ্য করে তিন দফায় হামলা চালিয়েছে বেঞ্জামিন নেতানিয়াহুর (Benjamin Netanyahu) সেনা। ইরানে এই হামলায় ৪ জওয়ানের মৃত্যুও হয়েছে বলে জানা গিয়েছে। তেহরান, খাজাস্তান ও ইলামের সেনাঘাঁটিতে হামলা চালানো হয়েছে বলে জানা গিয়েছে। যার জেরে সেনাঘাঁটিতে বেশকিছু ক্ষয়ক্ষতিও হয়েছে বলে জানিয়েছে ইরান।
মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রথম থেকেই উদ্বেগ প্রকাশ করে বার্তা দিয়েছে একাধিক দেশ। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এদিন জানান, ইরানের আকাশপথে হামলা নিয়ে আগে থেকেই তাঁকে জানিয়েছিল ইজরায়েল। এব্যাপারে দফায় দফায় শীর্ষ গোয়েন্দাদের সঙ্গে কথা বলেন তিনি। তবে এটাই যুদ্ধের শেষ বলে আশা ব্যক্ত করেছেন বাইডেন।
প্রসঙ্গত, গত পয়লা অক্টোবরই ইজরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। দফায় দফায় প্রায় ১৮০টি ক্ষেপণাস্ত্রের হামলা চালানো হয়। যার জেরে ইজরায়েলে ক্ষয়ক্ষতি ও বেশকয়েকজন আহত হন। ইরান বড় ভুল করেছে বলে এরপরই এক হুঁশিয়ারি বার্তায় বলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। আর এবার মিসাইল হামলার প্রতিশোধ হিসেবেই ইরানের সেনাঘাঁটিতে হামলা চালাল ইজরায়েল।
ইজরায়েলের সঙ্গে গাজা ও লেবাননের মহাযুদ্ধের ব্যাপ্তি বেড়ে এখন ইরান ও ইজরায়েলের মধ্যেও যুদ্ধ। গাজায় হামাস ও লেবাননে হিজবুল্লা জঙ্গিগোষ্ঠীর সঙ্গে যুদ্ধে জড়িয়েছে ইজরায়েল। আর এই জঙ্গিদের পেছন থেকে মদত দিচ্ছে ইরান। তবে যুদ্ধ থামানোর ইঙ্গিত দিচ্ছে না কোনওপক্ষই। ইরান হামলা চালালে প্রতিশোধ নেবে ইজরায়েলও, সাফ হুঁশিয়ারি ইজরায়েলের সেনাবাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারির।












Click it and Unblock the Notifications