Germany Attack: বড়দিনের বাজারে হামলায় আহত ৭ ভারতীয়, নিন্দা বিদেশমন্ত্রকের; ধৃতকে জেরায় আঁতকে ওঠার মতো তথ্য!
Germany Attack: জার্মানিতে বড়দিনের ভরা বাজারে হামলায় (Christmas Market Attack) আহতদের মধ্যে ৭ জন ভারতীয় (Indians Injured)। এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৫ জন (5 killed)। আহতের সংখ্যা ২০০ ছাড়িয়েছে। ঘটনার তীব্র নিন্দা জানাল ভারতের বিদেশমন্ত্রক (MEA)। গোটা ঘটনা দায়িত্বজ্ঞান হীনতার পরিচয় বলে জানিয়েছে ভারত।
বিবৃতি জারি করে বিদেশমন্ত্রক জানিয়েছে, জার্মানির ম্যাগডেবার্গ (Magdeburg) শহরে বড়দিনের মার্কেটে ভয়াবহ হামলার তীব্র নিন্দা জানাচ্ছে ভারত। বহু প্রাণ গিয়েছে, আহতও হয়েছেন বহু। নিহতদের প্রতি ভারতের সমবেদনা। আহত ভারতীয়দের সঙ্গে যোগাযোগ রাখছে জার্মানির ভারতীয় দূতাবাস। সবরকম সাহায্যের চেষ্টা করা হচ্ছে বলেও জানায় এস জয়শঙ্করের মন্ত্রক।

শুক্রবার সন্ধেয় ভিড়ে থিকথিক ছিল বাজার। বড়দিনের বাকি হাতে গোনা কয়েকদিন। তারই কেনাকাটায় ভিড় ছিল সান্ধ্যকালীন মার্কেটে। এমন সময় ভিড়ের মাঝে বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে দেওয়া হয়। কিছু বুঝে ওঠার আগেই মারা যান একাধিক।
এক শিশু-সহ ৫ জনের মৃত্যু হয় গাড়ির চাকায় পিষে। ২০০ জনেরও বেশি আহত হন। ঘটনায় ওই গাড়ির চালক সন্দেহে বছর পঞ্চাশের এক চিকিৎসককে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত সন্দেহভাজন সৌদি আরবের চিকিৎসক হলেও জার্মানির স্থায়ী বাসিন্দা।
ধৃত ব্যক্তির বিরুদ্ধে উঠে এসেছে একাধিক চাঞ্চল্যকর তথ্য। জানা গিয়েছে, একাধারে ইসলাম ধর্মের বিরোধী ও উগ্রবাদী দলগুলির সঙ্গে যুক্ত ওই ব্যক্তি। প্রাথমিক তদন্ত রিপোর্টে জানা গিয়েছে, গত প্রায় ২০ বছর ধরে জার্মানিতেই ছিলেন ওই ব্যক্তি। হামলা চালানোর জন্য বিএমডব্লিউ ভাড়া নিয়েছিলেন। প্রথমে গাড়িতে বোমা রাখা হয়েছে অনুমান করলেও পরে পুলিশ জানায় কোনও বিস্ফোরকই মেলেনি।
ধৃতের বিরুদ্ধে আরও জানা গিয়েছে যে সে বের্নবার্গে একটি ক্লিনিকে মনোবিদ হিসেবে রোগী দেখতেন ধৃত ব্যক্তি। যদিও গত অক্টোবর থেকে শরীর খারাপের অজুহাতে রোগী দেখেননি। ধৃত সন্দেহভাজনের এক্স হ্যান্ডেল ঘেঁটে তদন্তকারীরা দেখেন, জার্মানির উদ্বাস্তু নীতির বিরোধিতা করা হয়েছে তাঁর একাধিক পোস্টে। জার্মানির মন্ত্রী ন্যান্সি ফিজারের দাবি, ধৃতের 'ইসলামোফোবিয়া' স্পষ্ট। তবে উদ্দেশ্য এখনও স্পষ্ট নয় বলেই জানিয়েছেন তিনি।












Click it and Unblock the Notifications