ভাঙল ৭ মাসের পুরনো রেকর্ড, দৈনিক সংক্রমণের নিরিখে আমেরিকা, ব্রাজিলকেও পিছনে ফেলল ভারত
দৈনিক করোনা সংক্রমণের নিরিখে আমেরিকা, ব্রাজিলকেও পিছনে ফেলল ভারত
গরম পড়তেই ক্রমেই সংক্রমণের ধার বাড়াচ্ছে মারণ করোনা। এদিকে গত বছর মার্চে সংক্রমণ শুরুর প্রথম দৈনিক করোনা আক্রান্তের সংখ্যায় নয়া রেকর্ড তৈরি হল ভারত। গত ২৪ ঘণ্টায় গোটা দেশে করোনার কবলে পড়লেন ১ লক্ষের বেশি মানুষ। পরিসংখ্যান বলছে গত সাত মাসে সর্বোচ্চ সংক্রমণ হয়েছে গত ২৪ ঘণ্টায়। আর এই চিত্র দেখেই আতঙ্কিত আম-আদমি।

ভাঙল সাত মাসের পুরনো রেকর্ড
এদিকে এতদিন পর্যন্ত দৈনিক সর্বাধিক আক্রান্তের রেকর্ড ছিল ১৬ সেপ্টেম্বরের দখলে।ওই দিন করোনার কবলে পড়েছিলেন ৯৭,৮৯৪ জন। কিন্তু স্রেফ গত ২৪ ঘণ্টায় ১০৩,৫৫৮ আক্রান্তের হদিশ মিলেছে গোটা দেশে আর তাতেই বাড়ছে উদ্বেগ। করোনা রুখতে আংশিক লকডাউনের পথেও হাঁটতে শুরু করেছে একাধিক রাজ্য। ইতিমধ্যেই উচ্চপর্যায়ের জরুরি বৈঠকেরও ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

পিছনে পড়ছে ব্রাজিল, আমেরিকাও
এদিকে বিশ্বের বর্তমান করোনা পরিসংখ্যান বলছে দৈনিক আক্রান্তের নিরিখে ফের বিশ্বের অন্যান্য দেশকে পিছনে ফেলে দিচ্ছে ভারত। এমনকী করোনা তালিকায় ভারতের উপরে থাকা আমেরিকা, ব্রাজিলের রেকর্ডও ফের পাঁচ মাস পর ভাঙতে শুরু করেছে ভারত। এমনকী এপ্রিলের মাঝামাঝি সময়েই সবচেয়ে ভয়ানক রূপ নিতে পারে দেশের করোনা পরিস্থিতি, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা।

স্বস্তি দিচ্ছে মৃত্যু হার
এদিকে এত উদ্বেগের মধ্যে কিছুটা স্বস্তি দিচ্ছে মৃত্যুর হার। গত ১৬ সেপ্টেম্বর যখন দৈনিক আক্রান্তের সংখ্যা এক লাখের কাছাকাছি ছিল, সেদিন করোনায় প্রাণহানি হয়েছিল প্রায় ১,৩০০ জনের। কেন্দ্রের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনায় ৪৭৮ জনের প্রাণ গেছে গোটা দেশে। ফলস্বরূপ বর্তমানে ভারতে মোট করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৬৫,১০১।

সর্বাধিক উদ্বেগ বাড়াচ্ছে কোন কোন রাজ্য ?
এদিকে গত কয়েকদিনে দেশে যত সংক্রমণ ধরা পড়েছে, এর মধ্যে ৮০ শতাংশের বেশিই মহারাষ্ট্র, কর্নাটক, ছত্তীসগঢ়, দিল্লি, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ, পঞ্জাব এবং মধ্যেপ্রদেশ এই ৮টি রাজ্য থেকে এসেছে বলে জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রক। স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান বলছে এই মুহূর্তে ভারতে মৃত্যুর হার দাঁড়িয়েছে ১.৩২ শতাংশ। এদিকে নয়া আক্রান্তের সংখ্যা জোয়ার দেখা দেওয়ায় আবারও ভারতে সক্রিয় আক্রান্তের সংখ্যা সাত লাখের গণ্ডি পেরিয়ে গিয়েছে বলেও খবর।












Click it and Unblock the Notifications