India Pakistan: হতদরিদ্র পাকিস্তান কাশ্মীর নিয়ে মরিয়া! রাষ্ট্রসংঘে সওয়াল তুলতেই কড়া জবাবে ধুয়ে দিল ভারত
India Pakistan: ভুখা পেটে দিন কাটাচ্ছে পাকিস্তানের মানুষ। নুন আনতে পান্তা ফুরোনোর মত অবস্থা। এদিকে রাষ্ট্রসংঘে (United Nations) কাশ্মীর (Kashmir) নিয়ে বড় বড় কথা তাদের মুখে। পাল্টা জবাব দিল ভারতও। জেনেভায় রাষ্ট্রসংঘের মানবাধিকার কমিশনের (UNHRC) সম্মেলনে বুধবার পাকিস্তানকে (Pakistan) কড়া জবাবে ধুয়ে দিল ভারত।
সম্মেলনে পাকিস্তান অভিযোগ করে, কাশ্মীরে গণতন্ত্র বলে কিছু নেই। কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে বলে দাবি পাকিস্তানের। অভিযোগের গোটাটাই ভিত্তিহীন ও কালিমালিপ্ত করার চেষ্টা বলে পাল্টা তোপ দেগেছে ভারতও। পাকিস্তানকে কড়া জবাব দিয়েছেন ভারতের প্রতিনিধি তথা পররাষ্ট্র কূটনীতিবিদ ক্ষিতীশ ত্যাগী।

তিনি সাফ জানান, পাকিস্তান নিজেই মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে জর্জরিত। অন্যকে জ্ঞান দেওয়ার আগে ওদের এই দ্বিচারিতা আগে বন্ধ করা উচিত বলে পাকিস্তানকে কড়া ভাষায় জবাব দেয় ভারতও। ত্যাগী বলেন, "দায়িত্বের সঙ্গে পাকিস্তান নিজস্ব জঙ্গিমূলক কার্যকলাপ জারি রেখে ভারতের নামে মিথ্যে ছড়িয়ে বেড়াচ্ছে, এটা সত্যিই অনুশোচনার বিষয়।"
জেনেভায় ওই একই মঞ্চে পাকিস্তানের আইন ও মানবাধিকার মন্ত্রকের মন্ত্রী আজম নাজির তারার বলেন, "কাশ্মীরের মানুষের সঙ্গে বরাবর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটে চলেছে। মানুষের মর্যাদা হানি করা হচ্ছে। অবিলম্বে তা বন্ধ করা উচিত।" অভিযোগ নস্যাৎ করে ভারত। উপত্যকায় উন্নয়নের কথা উল্লেখ করে কাশ্মীরে সার্বভৌমত্ব প্রতিষ্ঠার কথা বলা হয় ভারতের তরফে।
ভারতের তরফে ত্যাগী আরও বলেন, "জম্মু ও কাশ্মীর এবং লাদাখ ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে থাকবে। গত কয়েক বছরে জম্মু ও কাশ্মীরে রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিকভাবে অভূতপূর্ব উন্নতি ঘটেছে। তা থেকেই স্পষ্ট, সরকারের প্রতি জনগণের আস্থা বেড়েছে। পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গিমূলক কার্যকলাপের জেরে দশকের পর দশক ধরে বিধ্বস্ত থাকা কাশ্মীরে সরকার শান্তি প্রতিষ্ঠা করেছে, যা হাতেনাতে স্পষ্ট।"
পাকিস্তানকে নিশানা করে ত্যাগী বলেন, ভারতের জন্য মরিয়া না হয়ে পাকিস্তানের উচিত দেশবাসীকে সুশাসন ও বিচার এনে দেওয়া। তাঁর কথায়, "যে দেশে মানবাধিকার লঙ্ঘন হয়, সংখ্যালঘুদের উপর অত্যাচার হয়, গণতন্ত্র ভেঙে পড়ে, যেখানে রাষ্ট্রসংঘ ঘোষিত জঙ্গিদের লালন-পালন করা হয়, সেই পাকিস্তানের অন্যকে জ্ঞান দেওয়ার কোনও অধিকারই নেই।"












Click it and Unblock the Notifications