গাজা পুনর্গঠনে ‘বোর্ড অফ পিস' এর প্রথম বৈঠক, উপস্থিত ভারতও,‘সিঁদুর অভিযান' নিয়ে ফের দাবি ট্রাম্পের
যুদ্ধবিধ্বস্ত গাজার পুনর্গঠনকে সামনে রেখে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে গঠিত 'বোর্ড অফ পিস'এর প্রথম বৈঠক অনুষ্ঠিত হল ওয়াশিংটনে। আন্তর্জাতিক কূটনৈতিক মহলে তাৎপর্যপূর্ণ এই বৈঠকে সদস্য ও পর্যবেক্ষক মিলিয়ে ৪৭টি দেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পর্যবেক্ষক রাষ্ট্র হিসেবে ভারতের প্রতিনিধিত্ব করেন আমেরিকায় নিযুক্ত চার্জ দ্য অ্যাফেয়ার্স এনসি খাম্পা।
বৈঠক শেষে ট্রাম্প জানান, বোর্ডের সদস্যভুক্ত ন'টি দেশ কাজাকিস্তান,আজেরবাইজান, ইউনাইটেড আরব ইমিরেটস,মরক্কো, কাতার, সৌদি আরব, কুয়েত গাজার পুনর্গঠনের জন্য মোট ৭০০ কোটি ডলার আর্থিক সহায়তা ঘোষণা করেছে। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ৬৩ হাজার কোটিরও বেশি।

বৈঠকে আন্তর্জাতিক সহায়তার পাশাপাশি দক্ষিণ এশিয়ার সাম্প্রতিক উত্তেজনাও টেনে আনেন ট্রাম্প। তিনি দাবি করেন, 'অপারেশন সিঁদুর'-পরবর্তী ভারত ও পাকিস্তান সামরিক সংঘাত প্রশমনে তাঁর প্রশাসনের ভূমিকাই ছিল নির্ণায়ক। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের নাম উল্লেখ করে ট্রাম্প বলেন, শরিফ নাকি মার্কিন সেনাপ্রধানের উপস্থিতিতে স্বীকার করেছিলেন ট্রাম্পের হস্তক্ষেপেই দুই দেশের মধ্যে সম্ভাব্য যুদ্ধ এড়ানো গিয়েছে ও কোটি কোটি প্রাণ রক্ষা পেয়েছে।
এছাড়া ট্রাম্পের আরও দাবি, তাঁর ২০০ শতাংশ শুল্ক আরোপের হুমকিই নাকি নয়াদিল্লি ও ইসলামাবাদ উভয়কেই সংযত হতে বাধ্য করেছিল। এমনকি 'সিঁদুর অভিযান' চলাকালীন ভারত ও পাক সংঘাতে ১১টি অত্যাধুনিক সামরিক বিমান ধ্বংস হয়েছিল বলেও মন্তব্য করেন তিনি।
আন্তর্জাতিক বিতর্ক ও প্রশ্ন
গাজ়ায় ২০২৩ সালের ৭ অক্টোবরের পর থেকে সংঘাত চরম আকার ধারণ করে। সেই প্রেক্ষাপটে গত ২৩ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে 'বোর্ড অফ পিস' এর সূচনা হয়। মার্কিন প্রশাসন ভারত সহ প্রায় ৬০টি দেশকে এই শান্তি উদ্যোগে যোগ দেওয়ার আমন্ত্রণ জানালেও, কয়েকটি দেশ এখনও আনুষ্ঠানিকভাবে সাড়া দেয়নি।
বোর্ডে সদস্যপদ দেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকেও। কিন্তু আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) এর জারি করা গ্রেপ্তারি পরোয়ানার প্রেক্ষিতে এই সিদ্ধান্ত ঘিরে সমালোচনা তুঙ্গে। পাশাপাশি প্যালেস্টাইনকে আনুষ্ঠানিক আমন্ত্রণ না জানানো নিয়েও প্রশ্ন উঠেছে আন্তর্জাতিক মহলে।
এই বিতর্কের আবহেই ট্রাম্পের দাবি বৃহস্পতিবারের বৈঠকই এক বৃহৎ আন্তর্জাতিক পদক্ষেপের সূচনা করল, যা গাজার পুনর্গঠনের নতুন দিগন্ত খুলে দিতে পারে।
আন্তর্জাতিক কূটনীতির জটিল সমীকরণের মাঝখানে 'বোর্ড অফ পিস' কতটা কার্যকর ভূমিকা নিতে পারে, তা এখন দেখার। তবে প্রথম বৈঠকেই ট্রাম্পের মন্তব্য যে নতুন বিতর্কের জন্ম দিয়েছে, তা স্পষ্ট।












Click it and Unblock the Notifications