এই দেশের প্রত্যেক বাসিন্দা পেতে চলেছেন মাসে ১ লক্ষ ৭০ হাজার টাকার নিশ্চিত রোজগার!
দেশের বাসিন্দাদের মাসে ২৫০০ ডলার করে নিশ্চিত রোজগার দেওয়া যায় কিনা তা নিয়ে আসা এক প্রস্তাবনার উপরে চিন্তাভাবনা করছে সুইৎজারল্যান্ডের সরকার। এমন হলে সেদেশের বাসিন্দারা প্রতি মাসে ভারতীয় মুদ্রায় অন্তত ১ লক্ষ ৭০ হাজার টাকা করে রোজগার করতে পারবেন।
আগামী জুন মাসের ৫ তারিখে এই প্রস্তাবের উপরে সুইৎজারল্যান্ডের বাসিন্দারা ভোট দেবেন। এমন হলে সুইৎজারল্যান্ডই হবে একমাত্র দেশ যারা প্রত্যেকটি বাসিন্দাকে প্রতি মাসে নিশ্চিত স্টাইপেন্ড দেবে।

এই ধরনের প্রস্তাবের পিছনে রয়েছে সেদেশের শিল্পী, লেখক ও বুদ্ধিজীবীদের একাংশ। যাদের মস্তিষ্কপ্রসূত এই ভাবনা বাস্তবায়িত হলে প্রাপ্তবয়স্করা ২৫০০ ডলার করে মাসিক ভাতা পাবেন। অন্যদিকে শিশুরা মাসিক ৬২৫ ডলার করে ভাতা পাবে।
এই প্রস্তাবটি কার্যকর হলে সরকারের রাজকোষ থেকে অন্তত ২০০ কোটি ডলার খরচ হবে। কোনও প্রাপ্তবয়স্ক বেকার না হয়ে যেকোনও কাজকর্মে যুক্ত থাকলেও তিনি এই ভাতার অধিকারী হবেন বলে জানা গিয়েছে।
যদিও সুইৎজারল্যান্ডের রাজনৈতিক দলগুলি এই প্রস্তাবের বিরোধিতা করেছে। তাদের মতে, ঘরে বসে প্রত্য়েকে মাসে মাসে টাকা পেলে কাজের কোনও উৎসাহ থাকবে না।
প্রসঙ্গত, মানুষ প্রতি গড়ে সুইৎজারল্য়ান্ডবাসীর রোজগার বছরে ৮৫ হাজার ৬১৭ ডলার, যা সারা বিশ্বের নিরিখে পঞ্চম সর্বোচ্চ।












Click it and Unblock the Notifications