গাজায় যুদ্ধপরাধের অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি নেতানিয়াহুর বিরুদ্ধে, কী বলল আন্তর্জাতিক আদালত?
আন্তর্জাতিক ফৌজদারি আদালত এদিন বৃহস্পতিবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী ইওয়াব গালান্ট, হামাস সেনাপ্রধান মহম্মদ দেইফের বিরুদ্ধে যুদ্ধপরাধের অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। তাঁদের বিরুদ্ধে মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগ আনা হয়েছে।
বেঞ্জামিন নেতানিয়াহু এবং ইওয়াব গালান্টের বিরুদ্ধে যুদ্ধপরাধের অভিযোগ রয়েছে অন্ততপক্ষে ৮ অক্টোবর ২০২৩ থেকে ২০ মে ২০২৪ সময়কালের মধ্যে। এমনটাই তিন বিচারকের প্যানেল রায় দিতে গিয়ে ঘোষণা করেছেন।

বিচারকদের প্যানেল মনে করছে, গাজার মানুষকে জেনে বুঝে ইচ্ছে করে ক্ষতির মুখে ঠেলে দিয়েছেন এই দুই ব্যক্তি। তাঁদের বেঁচে থাকা, খাবার, জল, ওষুধ, জ্বালানি এবং বিদ্যুতের অধিকার থেকে বঞ্চিত করেছেন।
এই গ্রেফতারি পরোয়ানাকে গোপন রাখা হলেও এখন তা সামনে এসেছে। করিম খান গত ৭ অক্টোবর তারিখে গাজায় ইসরায়েলের হামলাকে সামনে রেখে গ্রেফতারি পরোয়ানা চেয়ে আন্তর্জাতিক আদালতে সরব হন।
এই গ্রেফতারি পরোয়ানার খবরটি সামনে আসার পরই বেঞ্জামিন নেতানিয়াহু এই অভিযোগকে মিথ্যাচার বলে উড়িয়ে দিয়েছেন। তাঁর কথায়, গাজার ঘটনাকে শুধুমাত্র যুদ্ধ বলে উড়িয়ে দেওয়া যাবে না।
এর আগে গত সেপ্টেম্বরে ইসরায়েলের তরফে আন্তর্জাতিক আদালতে এই মামলাকে চ্যালেঞ্জ করে নিজেদের বক্তব্য পেশ করা হয়। সেখানে বলা হয়, ইসরায়েলের বিরুদ্ধে অভিযোগের ন্যূনতম তদন্তটুকু করার সুযোগ দেওয়া হোক। সেটা দেওয়া হয়নি বলে অভিযোগ ইসরায়েলের। ফলে এই রায়কে তাঁরা কোনওভাবেই মানতে রাজি নন। উপরন্তু তাঁদের বক্তব্য, ইসরায়েল সবসময় আইন এবং বিচারকে সম্মান দিয়ে এসেছে। একইসঙ্গে নাশকতার বিরুদ্ধে তাঁদের দেশবাসীকে রক্ষা করার ক্ষেত্রেও ইসরায়েল সরকার দায়বদ্ধ।












Click it and Unblock the Notifications