Hurricane Idalia: সুপার ব্লু মুনের প্রভাবে বিধ্বংসী হয়ে উঠবে হারিকেন ইডালিয়া, আছড়ে পড়বে বিশাল ঢেউ
হারিকেন হিলারি কয়েকদিন আগেই আছড়ে পড়েছিল আমেরিকার ক্যালিফোর্নিয়ার বিস্তীর্ণ এলাকায়। তারপর সাতদিন কাটতে না কাটতেই ফ্লোরিডা উপকূলে হাজির আরও এক বিধ্বংসী ঝড় হারিকেন ইডালিয়া। বুধবার সুপার ব্লু মুনের প্রভাবে ইডালিয়া আরও বিধ্বংসী রূপ নিয়ে সমুদ্রকে উত্তাল করে তুলবে।
আবহবিদরা আতঙ্কিত, সুপার ব্লু মুন ও বিধ্বংসী হারিকেন ইডালিয়ার জোড়া ফলায় সমুদ্র উপকূলে আছড়ে পড়বে বিশালাকার ঢেউ। সেই কারণে সমুদ্র উপকূলবর্তী এলাকায় জলোচ্ছ্বাসের প্রভাব থেকে বাঁচতে নিরাপদ দূরত্বে সরে যেতে বলা হয়েছে বাসিন্দাদের।

আবহবিদরা জানিয়েছেন, হারিকেন ইডালিয়া ফ্লোরিডার দিকে অগ্রসর হচ্ছে। সেইসঙ্গে বিরল নীল সুপারমুনের প্রভাবে সমুদ্র এদিন উত্তাল থাকবে। ভরা কোটালে সমুদ্রের জল থাকবে স্বাভাবিকের থেকে অনেক উপরে। জলোচ্ছ্বাস আরও বাড়বে। ঢেউ প্রবল রূপ নেবে। এদিন চাঁদ ও সূর্যের প্রভাবে জলের টান বাড়বে।
বুধবার সকালেই হারিকেন ইডালিয়া ক্যাটাগরি ৩ থেকে ক্যাটাগরির ৪-এর ঝড়ে রূপান্তরিত হতে শুরু করেছে। সমুদ্রবক্ষে শক্তি বাড়াচ্ছে হারিকেন ইডালিয়া। হারিকেন ইডালিয়ার ল্যান্ডফল ও সুপার ব্লু মুনের প্রভাবের সময় মিলে যাওয়ায় আরও সাঙ্গাতিক হতে চলেছে পরিস্থিতি।
এ মাসে দ্বিতীয়বার পূর্ণিমা। তাই চাঁদ এদিন ব্লুমুন। আবার চাঁদ সুপারমুনও। কারণ চাঁদ পৃথিবীর সবথেকে কাছের অবস্থানে এসেছে। সুপারমুনের ফলে জোয়ার শক্তিশালী হবে। তীব্র মহাকর্ষীয় টানে সমুদ্র জোয়ারে উত্তাল হবে। প্রবল আকার নেবে ঢেউ। শুধুমাত্র ফ্লোরিডায় নয়, জর্জিয়া ও দক্ষিণ ক্যারোলিনায় হারিকেন ইডালিয়ার প্রভাব পড়বে।
ন্যাশনাল ওয়েদার সা্র্ভিসের পক্ষে জানানো হয়েছে, স্থানীয় সময় বুধবার সকাল ৬টায় ফ্লোরিডা উপকূলে আছড়ে পড়বে হারিকেন ইডালিয়া। অর্থাৎ ভারতীয় সময় বিকেল সাড়ে তিনটেয় তা আছড়ে পড়বে। ফ্লোরিডার সঙ্গে ভারতের সময়ের ফারাক সাড়ে ৯ ঘণ্টার।
হারিকেন ইডালিয়া এখনও সমুদ্র উপকূল থেকে ১০০ কিলোমিটার দূরে রয়েছে। সমুদ্র উত্তাল হতে শুরু করে দিয়েছে। প্রবল ঢেউ আছড়ে পড়ছে উপকূলে। ঝড় গতিবেগ বাড়াচ্ছে। জাতীয় হারিকেন সেন্টার জানিয়েছে ঘন্টায় প্রায় ২০০ কিলোমিটার বেগে আছড়ে পড়বে ইডালিয়া। মঙ্গলবার থেকেই ঘণ্টায় ১৭৭ কিলোমিটার বেগে ঝড় বইছে উপকূলবর্তী এলাকায়।












Click it and Unblock the Notifications