৪০.৪ ডিগ্রি সেলসিয়াস! জারি তাপপ্রবাহ, ৫৮ বছরের উষ্ণতম দিনের সাক্ষী ওপার বাংলা
৫৮ বছরের উষ্ণতম দিনের সাক্ষী থাকল ওপার বাংলা। বৈশাখের শুরুতেই তাপমাত্রা পেরিয়ে গেল ৪০ ডিগ্রি সেলসিয়াস। শনিবার ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছুঁয়েছে ৪০.৪ ডিগ্রি সেলসিয়াসে। ঢাকা-সহ বাংলাদেশের অন্তত ৮টি জেলায় তাপপ্রবাহ চলছে। তার জেরে পুড়ছে বাংলাদেশের বিস্তীর্ণ এলাকা।
এর আগে ১৯৬৫ সালে ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪২ ডিগ্রি সেলসিয়াস। আর তারপর এদিনের ৪০.৪ ডিগ্রি সেলসিয়াসই হল সর্বোচ্চ। ৫৮ বছরের রেকর্ড ভেঙে গেল তাপপ্রবাহের জেরে। দেশের অন্যান্য জেলাগুলোতেও মৃদু তাপপ্রবাহ চলছে। সর্বত্রই গরম।

আবহাওয়া দফতর পূর্বাভাস দিয়েছে, আগামী দুই দিন প্রচণ্ড তাপপ্রবাহ অব্যাহত থাকবে। এর ফলে তাপমাত্রা আরও বাড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া দফতর। জানানো হয়েছে, ঢাকা, ফরিদপুর, মানিকগঞ্জ, পাবনা, বাগেরহাট, যশোর, চুয়াডাঙা ও কুষ্টিয়া জেলায় তীব্র তাপপ্রবাহ চলবে।
আবহাওয়া বিভাগ আরও জানিয়েছে, দেশের অন্যত্র মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ চলছে। তা অব্যাহত থাকতে পারে বলে মনে করা হচ্ছে আবহবিদদের তরফে। চলমান তাপপ্রবাহের কারণে বাংলাদেশে তাপমাত্রার জরুরি অবস্থা জারি হতে পারে বলে আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া দফতর।
আন্তর্জাতিক আবহাওয়ার পূর্বাভাস প্রদানকারী সংস্থা অ্যাকু ওয়েদারের তথ্য অনুযায়ীও ঢাকা-সহ বাংলাদেশর তাপপ্রবাহ নিয়ে আশঙ্কার বার্তা দিয়েছে। অ্যাকু ওয়েদার অনুযায়ী, শনিবার ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪১ ডিগ্রি সেলসিয়াস। আর্দ্রতার পরিমাণ ছিল মাত্র ১৮ শতাংশ।

অ্যাকু ওয়েদার অনুযায়ী, চুয়াডাঙায় গত ১৪ দিনে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪২.২ ডিগ্রি সেলসিয়াস ছিল। সর্বশেষ ২০১৪ সালে যশোরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪২.২ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছিল। সেই নিরিখে ৯ বছরের সেরা গরম পড়ছে বাংলাদেশে। এমনই মত অ্যাকু ওয়েদারের।
বাংলাদেশের অনেক জেলায় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের উপরে। চুয়াডাঙা, যশোর ও ঝিনাইদহ-সহ দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অধিকাংশ জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে। এরই মধ্যে স্বস্তিরক খবর, দু-দিন পর সিলেট অঞ্চলে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়াবিদরা জানিয়েছেস দেশের উত্তরাঞ্চল দিয়ে জলীয় বাষ্প প্রবেশ করচে। বাতাসে আর্দ্রতা বৃদ্ধির কারণে ঘামও বাড়বে। বাংলাদেশের আবহাওয়া পর্যবেক্ষণকারী সংস্থা জানিয়েছে, দু-দিনের মধ্যে চুয়াডাঙা, ঢাকা, রাজশাহী, কুষ্টিয়া, মেহেরপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, নোয়াখালি, ফেনী, শরীয়তপুর, মাদারীপুরের তাপমাত্রা ৪১-৪২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছতে পারে।

অন্যদিকে বরিশাল, পিরোজপুর, বরগুনা, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, পাবনা, মাগুরা ও যশোরেও তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের উপরে উঠতে পারে। খুলনা-সহ বরিশাল বিভাগের অন্যান্য জেলার তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। এর ফলে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে 'হিট ইমার্জেন্সি' জারি হওয়ার সম্ভাবনা প্রবল।
বাংলাদশের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রকের এক আধিকারিক জানিয়েছেন, আবহাওয়া আরও কয়েকদিন এভাবে চলতে থাকলে 'হিট ইমার্জেন্সি' জারি হতে পারে। কিন্তু আপাতত এমন কোনো সিদ্ধান্ত হয়নি। বৃষ্টি হলে তাপমাত্রা কমবে। তাই আরও কয়েকদিন পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হচ্ছে। তারপর সিদ্ধান্ত নেওয়া হবে।












Click it and Unblock the Notifications