বাংলাদেশে হিন্দুদের নিশানা, জন্মাষ্টমীতে কী বললেন মহঃ ইউনুস, যা ইতিমধ্যেই ভাইরাল
জন্মাষ্টমীর আগের দিন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার সংখ্যালঘুদের জন্য বড় প্রতিশ্রুতি দিয়েছে। সরকার সংখ্যালঘুদের আশ্বস্ত করেছে, তাঁরা কোনওভাবেই বৈষম্যের শিকার হবে না। রবিবার এই ব্যাপারে বিবৃতি দেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মহঃ ইউনুস।
মহঃ ইউনুস বলেছেন, দেশে ধর্মীয় ও রাজনৈতিক কারণে কারও প্রতি বৈষম্য করা চলবে না, এই বিষয়টি তাঁর সরকার নিশ্চিত করবে। প্রসঙ্গত শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীকে বাংলাদেশে জাতীয় ছুটি ঘোষণা করা হয় আগেই।

টেলিভিশনে জাতির উদ্দেশে ভাষণ দিতে গিয়ে ইউনুস বলেন, ভিন্ন ধর্মের অনুসারী বা ভিন্ন রাজনৈতিক দৃষ্টিভঙ্গির কারণে সরকার কারও সঙ্গে বৈষম্য করবে না। এই সরকার দেশের সব নাগরিককে একটি পরিবার হিসেবে অন্তর্ভুক্ত করতে চায়। তিনি বলেছেন, দেশের ধর্মীয় সংখ্যালঘু, উপজাতি ও প্রান্তিক জনগোষ্ঠীর সমান অধিকার রয়েছে বাংলাদেশে। নতুন বাংলাদেশে সবাই সমান, বলেছেন তিনি।
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মহঃ ইউনুসের এই বক্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন আন্তর্জাতিক সম্পর্কে বিশ্লেষকরা। কারণ হাসিনার পদত্যাগের পর ইসলামি মৌলবাদীদের টার্গেট হচ্ছেন দেশের সংখ্যালঘুরা.
এই বছরেও বাংলাদেশের রাজধানী ঢাকা-সহ অন্য শহরে থাকা হিন্দু মন্দিরগুলিতে জন্মাষ্টমী উৎসব পালিত হচ্ছে। প্রসঙ্গত, প্রতি বছর জন্মাষ্টমীতে ঢাকায় বিশাল শোভাযাত্রা বের হলেও, এবার পাঁচ অগাস্ট শেখ হাসিনা সরকারের পতনের পরে বাংলাদেশে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী পালন নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে।
মহঃ ইউনুস বলেছেন, তাঁর সরকার ছাত্র ও সাধারণ জনগণকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করবে। বিশ্লেষকরা মনে করছেন, মহঃ ইউনুসের বক্তব্যের পরে হিন্দুদের বিরুদ্ধে হিংসা বন্ধ হবে। অন্তর্বর্তী সরকারের প্রধান স্বচ্ছভাবে দেশে পুনর্নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেছেন ছাত্র আন্দোলনের দাবিতেই তারা কাজ করছেন।
পাশাপাশি মহঃ ইউনুস আন্দোলকারীদের আন্দোলন প্রত্যাহারে দাবি জানিয়েছেন। তিনি বলেছেন, সরকারি অফিসের বাইরে এখনও বিক্ষোভ চলছে। এমন অবস্থায় সরকারি কাজ হচ্ছে না। অন্তর্বর্তী সরকারকে সময় দেওয়ার অনুরোধ করে তিনি আশা প্রকাশ করেছেন কয়েকদিনের মধ্যেই পরিস্থিতির উন্নতি হবে।












Click it and Unblock the Notifications