রাজনাথ সিং পাকিস্তানে এলেই দেশজুড়ে বিক্ষোভ করবে লস্কর, হুমকি জঙ্গি হাফিজ সঈদের
ইসলামাবাদ, ১ অগাস্ট : সার্ক গোষ্ঠীভুক্ত দেশের মন্ত্রীদের সম্মেলনে যোগ দিতে আগামী ৩ তারিখ পাকিস্তান যাচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। এরই বিরোধিতা করে পাকিস্তান সরকারকে আবেদন জানিয়েছে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী তথা জামাত-উদ-দাওয়া প্রধান হাফিজ সঈদ। ['পাঠানকোটের মতো আরও হামলা হবে', 'ওয়ার্নিং' হাফিজ সঈদের!]
রাজনাথ সিং কাশ্মীরের নিরীহ মানুষকে হত্যা করেছেন, এই দাবি তুলে রাজনাথকে পাকিস্তানে না ঢুকতে দেওয়ার আবেদন জানিয়েছে হাফিজ সঈদ। রাজনাথ পাকিস্তানে এলে লস্কর জঙ্গিরা দেশজুড়ে প্রতিবাদ করবে বলেও হুঁশিয়ার করেছে এই জঙ্গি নেতা। [কাশ্মীরে অশান্তির পিছনে রয়েছে লস্কর জঙ্গিরা]

হাফিজ সঈদের কথায়, রাজনাথকে আমন্ত্রণ জানিয়ে নিহত কাশ্মীরিদের অপমান করবে পাকিস্তানের নওয়াজ শরিফ সরকার। একদিকে গোটা পাকিস্তান যেখানে কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনীর অত্যাচারের বিরোধিতা করছে, তখন পাক সরকার রাজনাথ সিংকে ফুলমালা দিয়ে আমন্ত্রণ জানাচ্ছে। [শাহরুখকে পাকিস্তানে আমন্ত্রণ হাফিজ সঈদের]
রাজনাথ ইসলামাবাদে পা রাখলেই জামাত-উদ-দাওয়া পাকিস্তান জুড়ে বিক্ষোভ দেখাবে বলে হুঙ্কার দিয়েছে হাফিজ সঈদ। মুম্বই হামলার মাস্টারমাইন্ড হাফিজ সঈদের কথায়, পাকিস্তান সরকার কাশ্মীরের হত্যাকারীকে দু'হাত তুলে আমন্ত্রণ জানালেও আমরা বিক্ষোভ দেখিয়ে সারা বিশ্বকে জানাতে চাই, গোটা পাকিস্তান পদদলিত কাশ্মীরিদের পাশে রয়েছে। [কাশ্মীরে বিক্ষোভ মিছিলের নেতৃত্বে পাকিস্তান থেকে আসা লস্কর জঙ্গি আবু দুজানা!]
আগামী ৩ অগাস্ট সার্কের মন্ত্রীদের সম্মেলনে যোগ দিতে ইসলামাবাদ যাওয়ার কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের। বছরের শুরুতেই পাঞ্জাবের পাঠানকোটে জঙ্গি হামলার পর এই প্রথম কোনও ভারতীয় নেতা বা কেন্দ্রীয় মন্ত্রী পাকিস্তান সফরে যাচ্ছেন। রাজনাথ সিংয়ের এই সফরে সার্ক সম্মেলনের আলোচনা ছাড়াও জম্মু ও কাশ্মীরের পরিস্থিতি নিয়েও আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে।












Click it and Unblock the Notifications