ফের আমেরিকায় বন্দুকবাজের হামলায় শিশু-সহ নিহত ৫, ক্যালিফোর্নিয়ায় ছড়াল আতঙ্ক
ফের বন্দুকবাজের হামলায় রক্তাক্ত হল মার্কিন যুক্তরাষ্ট্র।
দিন কয়েকের বিরতির পর ফের বন্দুকবাজের হামলায় রক্তাক্ত হল মার্কিন যুক্তরাষ্ট্র। উত্তর ক্যালিফোর্নিয়ায় বন্দুকবাজের হামলায় অন্তত ৫ জনের প্রাণ গিয়েছে। ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। একাধিক জায়গায় গুলি চালানো হয়েছে, তার মধ্যে একটি স্কুলও রয়েছে বলে খবর।

ক্যালিফোর্নিয়া পুলিশ জানিয়েছে, অবশেষে আততায়ী বন্দুকবাজকে খতম করা গিয়েছে। প্রশাসন জানিয়েছে, সাক্রামেন্টো থেকে ১৩০ মাইল দূরে রাঞ্চো তেহেমা রিজার্ভে প্রকাশ্যে গুলি চালানো হয়। এছাড়াও একাধিক জায়গায় গুলি চালানোর ঘটনা ঘটায় আহতের সংখ্যা এখনও পুরোপুরি পরিষ্কার নয়। মৃতদের মধ্যে শিশুও রয়েছে।
জানা গিয়েছে, আততায়ীর নাম কেভিন। তার মাথার ঠিক ছিল না বলে প্রতিবেশীরাই জানিয়েছেন। তাদেরও হুমকি দিয়েছিল কেভিন। নিহতের কাছ থেকে একটি রাইফেল ও দুটি হ্যান্ডগান উদ্ধার করা হয়েছে।
কিছুদিন আগেই টেক্সাসে গির্জায় গুলি চালিয়ে ২৭ জনকে নিহত ও ২০ জনকে আহত করে এক বন্দুকবাজ। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের মার্কিন যুক্তরাষ্ট্র বন্দুকবাজের হামলায় রক্তাক্ত হল।












Click it and Unblock the Notifications