গ্রিনল্যান্ড নিয়ে আলোচনা প্রায় চূড়ান্ত, জাতীয় নিরাপত্তার জন্য একে অত্যন্ত গুরুত্বপূর্ণ' মন্তব্য ট্রাম্পের

গ্রিনল্যান্ড অধিগ্রহণ নিয়ে ডেনমার্কের সঙ্গে আমেরিকার আলোচনা অনেকটাই চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে বলে দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প জানান, এই চুক্তি যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য "অত্যন্ত গুরুত্বপূর্ণ"।

৭৯ বছর বয়সি রিপাবলিকান প্রেসিডেন্টের কথায়, "আমরা ইতিমধ্যেই আলোচনা শুরু করেছি ও আমার মনে হয় বিষয়টি প্রায় মিটে গেছে। তারা চায় আমরাই এগিয়ে আসি। এটা সবার জন্য ভালো চুক্তি হবে বিশেষ করে জাতীয় নিরাপত্তার দিক থেকে এটি অত্যন্ত জরুরি।"

উল্লেখযোগ্যভাবে, গত প্রায় দশ দিনের মধ্যে দ্বিতীয়বার গ্রিনল্যান্ড নিয়ে ডেনমার্কের সঙ্গে চুক্তি ঘনিয়ে আসার ইঙ্গিত দিলেন ট্রাম্প।

ডেনমার্কের স্বশাসিত অঞ্চল গ্রিনল্যান্ডকে অধিগ্রহণের বিষয়ে সাম্প্রতিক সময়ে ট্রাম্প প্রশাসনের আগ্রহ বেড়েছে। রাশিয়া ও চিনের ক্রমবর্ধমান প্রভাবকে সম্ভাব্য হুমকি হিসেবে দেখিয়ে এই অঞ্চলকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বলে দাবি করছেন তিনি। এমনকি ন্যাটোভুক্ত মিত্র দেশগুলির উপর শুল্ক চাপানোর হুমকিও দিয়েছিলেন ট্রাম্প, যা ইউরোপীয় দেশগুলির মধ্যে উদ্বেগ বাড়িয়েছে।

তবে গত ২১ জানুয়ারি, সুইজারল্যান্ডের ডাভোসে অনুষ্ঠিত ২০২৬ সালের ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে ট্রাম্প স্পষ্ট করেন যে, গ্রিনল্যান্ড অধিগ্রহণে কোনওরকম বলপ্রয়োগ করা হবে না। ন্যাটোর মহাসচিব মার্ক রুটের সঙ্গে একটি 'চুক্তির কাঠামো' তৈরি হয়েছে বলেও তিনি দাবি করেন। যদিও ডেনমার্কের ভূখণ্ড কেনার জন্য কোনও নির্দিষ্ট মূল্য নির্ধারণে তিনি অস্বীকার করেন।

ট্রাম্পের ভাষায়, "এর দাম শুধু অর্থে মাপা যায় না। এর সঙ্গে জড়িয়ে রয়েছে নিরাপত্তা, জাতীয় ও আন্তর্জাতিক সুরক্ষা, যা অনেক দেশের সঙ্গেই সম্পর্কিত। এটাই আসল দাম, আর তা অনেক বড়।"

তবে এই উদ্যোগে ইউরোপীয় দেশগুলির একাংশ প্রবল আপত্তি তুলেছে। সুইডেনের উপ প্রধানমন্ত্রী এব্বা বুশ মন্তব্য করেছেন, ইউরোপকে এ ক্ষেত্রে কঠোর অবস্থান নিতে হবে ও কোনওভাবেই আমেরিকার চাপ বা হুমকির কাছে নতি স্বীকার করা হবে না।

অন্যদিকে, ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন স্পষ্ট জানিয়ে দিয়েছেন, দেশের সার্বভৌমত্ব নিয়ে কোনও আলোচনা হবে না। তাঁর কথায়, আর্কটিক অঞ্চলের নিরাপত্তা কেবল ডেনমার্কের বিষয় নয়, গোটা ন্যাটোর যৌথ দায়িত্ব।

গ্রিনল্যান্ডকে ঘিরে এই কূটনৈতিক টানাপোড়েন শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয়, সেদিকেই এখন তাকিয়ে আন্তর্জাতিক মহল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+