বিশ্বজুড়ে ভ্রমণে বাধা! সফটওয়্যার ত্রুটিতে জরুরি ভিত্তিতে স্থগিত রাখা হল এয়ারবাস A320, সতর্ক ভারতীয় এয়ারলাইন
বিশ্বের আকাশপথে নেমে এল অভূতপূর্ব ঝড়। জনপ্রিয় A320 মডেলের ৬০০০ এর বেশি বিমানকে হঠাৎই স্থগিত রাখার সিদ্ধান্ত নিল নির্মাতা সংস্থা এয়ারবাস। উড্ডয়নের মাঝে এক বিমানের হঠাৎ উচ্চতা হারানোর ঘটনা পর তদন্তে উঠে আসে ভয়ানক তথ্য, তীব্র সৌরঝড়ের প্রভাবে ফ্লাইট কন্ট্রোল সিস্টেমে সফটওয়্যারের মারাত্মক ত্রুটি। আর তাতেই নিরাপত্তার স্বার্থে বিশ্বজুড়ে জারি হল জরুরি সতর্কতা।
এয়ারবাস জানায়, সূর্যের বিকিরণ বিমানের ডেটা সিস্টেমকে বিভ্রান্ত করতে পারে, যার ফলে পাইলটরা হঠাৎ নিয়ন্ত্রণ হারানোর ঝুঁকিতে পড়তে পারেন। তাদের ভাষায়, "একটি সাম্প্রতিক ঘটনায় দেখা গেছে, অতিরিক্ত সৌর বিকিরণ ফ্লাইট কন্ট্রোলের অত্যাবশ্যক ডেটা নষ্ট করে দিতে পারে। এই সমস্যার কারণে A320 পরিবারের বহু বিমান সম্ভাব্য ঝুঁকির মধ্যে রয়েছে।"

এই সিদ্ধান্ত এয়ারবাসের ইতিহাসে বৃহত্তম রিকল। সংস্থাটি জানিয়েছে, এয়ারলাইনগুলিকে 'অ্যালার্ট অপারেটর্স টার্নসমিশন' জারি করে অবিলম্বে আপডেট ইনস্টল করতে বলা হয়েছে। এর ফলে বিশ্বজুড়ে ফ্লাইট সূচিতে বিপুল প্রভাব পড়বে বলে সতর্ক করা হয়েছে।
জেটব্লু ফ্লাইটে ভয়াবহ পতন, তারপরই বড় সতর্কতা
ঘটনার সূত্রপাত মার্কিন যুক্তরাষ্ট্রে। ৩০ অক্টোবর ক্যানকুন থেকে নিউয়ার্ক যাওয়ার পথে জেটব্লুর একটি A320 হঠাৎ ৩৫,০০০ ফুট থেকে সরাসরি ১০,০০০ ফুটে নেমে আসে। ১৫ যাত্রী আহত হন, বিমানটি জরুরি অবতরণে বাধ্য হয়। তদন্তে জানা যায়, সৌর বিকিরণের জন্যই বিমানের নিয়ন্ত্রণ ব্যবস্থা বিঘ্নিত হয়েছিল।
সম্ভাব্য বিঘ্ন এড়াতে ইন্ডিগো, এয়ার ইন্ডিয়া সহ বেশ কয়েকটি ভারতীয় সংস্থা যাত্রীদের আগাম সতর্ক করছে।
ইন্ডিগো জানায়, তারা দ্রুততার সঙ্গে সব বিমানে প্রয়োজনীয় সফটওয়্যার আপডেট প্রয়োগ করছে। তবে কিছু ফ্লাইটের সূচিতে সামান্য পরিবর্তন হতে পারে।
এয়ার ইন্ডিয়া জানায়, আপডেটের কারণে টার্নঅ্যারাউন্ড সময় বাড়বে, ফলে দেরি বা সময়সূচি বদলের সম্ভাবনা রয়েছে।
যুক্তরাষ্ট্র, ইউরোপ, দক্ষিণ আমেরিকা সর্বত্রই প্রভাব।
আমেরিকান এয়ারলাইন্স জানিয়েছে, তাদের ৪৮০টি A320 এর মধ্যে ৩৪০টিতে আপডেট জরুরি, প্রতি প্লেনে প্রায় দুই ঘণ্টা সময় লাগবে। লুফথানসা, ইজিজেটও সাময়িকভাবে বিমান পরিষেবা বন্ধ রেখেছে। দক্ষিণ আমেরিকার অ্যাভিয়ানকা জানিয়েছে, তাদের ৭০ শতাংশ ক্ষতিগ্রস্ত, ৮ ডিসেম্বর পর্যন্ত টিকিট বিক্রি বন্ধ রাখতে হয়েছে।
ইউরোপীয় বিমান নিরাপত্তা সংস্থার জরুরি নির্দেশ ইএএসএ পরিস্থিতির গুরুত্ব উপলব্ধি করে জারি করেছে ইমারজেন্সি এয়ারওর্দিনেস ডাইরেক্টিভ। তাদের বক্তব্য, যাত্রীদের অসুবিধা হলেও নিরাপত্তাই সর্বাগ্রে।
নিউজিল্যান্ডেও স্থগিত A320 পরিষেবা।
এয়ার নিউজিল্যান্ড জানিয়েছে, সতর্কতার অংশ হিসেবে তারা সব A320 বিমান স্থগিত রেখেছে, যদিও তাদের বিমানে কোনো তাৎক্ষণিক ঝুঁকি নেই।
বিশ্বজুড়ে উৎসবের মরশুমে যাত্রা ব্যাহত হওয়ার সম্ভাবনা প্রবল। তবে বিমান সংস্থাগুলির বক্তব্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হল নিরাপত্তা, আর সেই কারণেই আপাতত এই কড়া সিদ্ধান্ত।












Click it and Unblock the Notifications