শুল্ক আরোপের কয়েক ঘণ্টা কাটতেই বিশ্ব বাজারে নামল ধস, ডাও জোন্স ১৬০০ পয়েন্টেরও বেশি কমল
বিশ্বজুড়ে একযোগে শুল্ক আরোপের ঘোষণা দিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুল্ক ঘোষণার পরপরই মার্কিন এবং আন্তর্জাতিক শেয়ারবাজারে ব্যাপক ধস দেখা গেছে। শুল্ক আরোপ হতেই ধস নেমেছে বাজারে।
রোজ গার্ডেনে এক সাংবাদিক সম্মেলনে ট্রাম্প বলেন, "আমি মনে করি এই শুল্ক আরোপ খুব ভালো চলছে। আমাদের দেশে ছয় বা সাত ট্রিলিয়ন ডলার আসবে"। তাঁর কথায়, "বাজার ওঠানামা করবে। আমাদের দেশেও এর প্রভাব পড়ছে। তবে বহু বছর ধরে অন্যান্য দেশ আমাদের সুবিধা নিয়েছে। এবার পাল্টানোর সময় এসেছে"।

বিশ্বজুড়ে আরোপিত এই শুল্ক পরিকল্পনা অনুযায়ী কমপক্ষে ১০ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে সব দেশের ওপর। বিশেষভাবে কিছু দেশের জন্য এই হার আরও বেশি। যেমন -
ভারত: ২৬%
কম্বোডিয়া: ৪৯%
ভিয়েতনাম: ৪৬%
চিন: ৩৪%
জাপান: ২৪%
ইউরোপীয় ইউনিয়ন: ২০%
এই সিদ্ধান্তকে ঘিরে বিশ্বব্যাপী কূটনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতা ছড়িয়ে পড়েছে। একই সাথে বাজারে নেমেছে ধস। ট্রাম্পের ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই মার্কিন শেয়ারবাজারে পতন শুরু হয়। আজ সকালেও সেই ধস নেমেছে মারাত্মক হারে।
১) S&P 500: ৪.৮% কমেছে - মহামারির পর সবচেয়ে বড় পতন এটিই
২) ডাও জোন্স ইন্ডাস্ট্রিয়াল এভারেজ: ১,৬৭৯ পয়েন্ট বা ৪% কমে ৪০,৫৪৫.৯৩ পয়েন্ট হয়েছে
৩) Nasdaq কম্পোজিট: ৬% কমে ১৬,৫৫০.৬১ পয়েন্ট হয়েছে
ছোট মার্কিন কোম্পানিগুলি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। রাসেল ২০০০ সূচক ৬.৬% কমেছে, যা তার রেকর্ডের তুলনায় ২০% নিচে নেমে এসেছে।
তবে এই বাজার ধস শুধু আমেরিকায় নয়, বিশ্বজুড়ে শেয়ারবাজারে পতনের ঝড় দেখা গেছে। একের পর এক শেয়ারবাজারে ধস নামছে এই শুল্ক আরোপের পর থেকেই। যেমন -
CAC 40 (ফ্রান্স): ৩.৩% কমেছে
DAX (জার্মানি): ৩% কমেছে
Nikkei 225 (জাপান): ২.৮% কমেছে
Hang Seng (হংকং): ১.৫% কমেছে
Kospi (দক্ষিণ কোরিয়া): ০.৮% কমেছে
অর্থনীতিবিদদের মতে, এই শুল্ক নীতি যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে দুর্বল করে তুলবে এবং মুদ্রাস্ফীতি আরও তীব্র হবে। বড় প্রযুক্তি কোম্পানি, অপরিশোধিত তেল, এমনকি অন্যান্য মুদ্রার বিপরীতে ডলারের মানও কমেছে। তবে সোনার দামে পতন দেখা গেছে, যা সাধারণত সংকটকালে বেড়ে যায়। তবে এবারে সোনার দাম কমেছে।
ডোনাল্ড ট্রাম্পের শুল্ক ঘোষণা একদিকে "আমেরিকা ফার্স্ট" নীতির ধারাবাহিকতা, অন্যদিকে বিশ্বব্যাপী অর্থনৈতিক অনিশ্চয়তার সূচনা। বিশ্ব এখন দেখছে, এই 'শুল্ক যুদ্ধ' কি বিশ্ব অর্থনীতিকে গভীর সংকটে ঠেলে দেবে, নাকি ট্রাম্পের দাবি মতো যুক্তরাষ্ট্র লাভবান হবে? বিশ্ব অর্থনীতির দৃষ্টি এখন কেন্দ্রীভূত ট্রাম্পের পরবর্তী পদক্ষেপের দিকে।












Click it and Unblock the Notifications