টিকাহীন নাগরিকদের হাত ধরেই করোনার চতুর্থ ওয়েভের দিকে পা বাড়াচ্ছে জার্মানি
টিকাহীন নাগরিকদের হাত ধরেই করোনার চতুর্থ ওয়েভের দিকে পা বাড়াচ্ছে জার্মানি
তৃতীয় নয়, ইতিমধ্যেই চতুর্থ ঢেউ আছড়ে পড়েছে জার্মানিতে। যথারীতি মহামারির নতুন ঢেউয়ে চাপে পড়েছে সেই দেশের প্রশাসন। জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মর্কেল মনে করছেন, টিকাকরণ হয়নি এমন নাগরিকদের জন্যই করোনার এই চতুর্থ ঢেউয়ের পরিস্থিতি তৈরি হয়েছে দেশে। এই কারণে সমস্ত নাগরিকদের টিকা নেওয়ার অনুরোধও করেছেন মর্কেল।

ধনী দেশগুলিতে চতুর্থ ওয়েভের আশঙ্কা!
গরিব হোক বা ধনী করোনার করাল গ্রাস থেকে ছাড় পায়নি কোনও দেশই। এর সবচেয়ে প্রকৃষ্ট উদাহরণ, ২০২০ সাল থেকেই ইউরোপের বিভিন্ন উন্নত দেশের আক্রান্ত হওয়া। বহু ধনী দেশের স্বাস্থ্যব্যবস্থা ভেঙে পড়েছে কোভিডের জেরে৷ সম্প্রতি ইউরোপেও দেখা গিয়েছে সংক্রমণ বৃদ্ধি৷ দেখা যাচ্ছে, যে সমস্ত নাগরিকরা এখনও টিকা নেননি, তাঁদের মাধ্যমেই ছড়িয়ে পড়ছে ভাইরাস। চাপ বাড়ছে গোটাদেশের স্বাস্থ্যব্যবস্থার ওপর।

কারা দায়ী করোনার আরও একটি ওয়েভের জন্য?
দ্য নিউ ইয়র্ক টাইমসের একটি প্রতিবেদন অনুযায়ী, চতুর্থ ঢেউয়ের জন্য সবচেয়ে বেশি দায়ী টিকাকরণ হয়নি এমন ব্যক্তিরাই। তারা দাবি করেছে জার্মানির ইউনিভার্সিটি হসপিটাল অফ গিসেনে উপচে পড়ছে রোগী। ধারণক্ষমতার তিনগুণ রোগী ভর্তি হয়েছেন সেখানে। ভয় ধরানোর মতো তথ্য হল তাদের আবার অর্ধেকের বেশিই ভেন্টিলেটরে ভর্তি। হাসপাতাল সূত্রে খবর, এঁদের কেউই টিকা পাননি৷

একই সমস্যা মার্কিন মুলুকে!
এই একই সমস্যা দেখা গিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষেত্রেও। চলতি বছরের মে-জুন মাসে অভাবনীয় ভাবে বাড়তে শুরু করেছিল সংক্রমণ৷ বহু মানুষ প্রাণ হারিয়েছিলেন। দায়ী করা হয়েছিল সরকারের ভ্রান্ত টিকাকরণ নীতিকে৷ দেখা যাচ্ছে, সমস্ত উন্নত দেশগুলি গত বছরের শেষের দিক থেকে টিকাকরণ শুরু করলেও এখনও কোভিডের ঢেউ আছড়ে পড়ছে সেখানে। বহু ধনী দেশ নাগরিকদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে বুস্টার ডোজও দিচ্ছে৷

ভারতের ১০০ কোটির টিকাকরণ!
প্রসঙ্গত, অক্টোবরেই সারা দেশ জুড়ে ১০০ কোটি ভ্যাকসিনেশনের লক্ষ্যমাত্রা পেরিয়েছে ভারত৷ প্রধাণমন্ত্রী নরেন্দ্র মোদী চলতি বছরেই দেশের সম্পূর্ণ টিকাকরণের কথা বলছেন৷ কোনও রকম অপপ্রচার ও প্ররোচনায় পা না দিয়ে সবাই এগিয়ে এসে ভ্যাকসিন নেওয়ার কথা বলেছেন প্রধানমন্ত্রী। দেশের তাবড় তাবড় করোনা বিশেষজ্ঞরা নভেম্বরের শেষে ভারতে করোনার তৃতীয় ওয়েভ আসার আশঙ্কা করেছিলেন৷ কিন্তু প্রায় উৎসবের মরশুম শেষ হতে চললেও সেভাবে ভয়ঙ্কর জায়গাতে পা দেয়নি দেশের করোনা সংক্রমণ৷












Click it and Unblock the Notifications