মনমোহনের ছবি এঁকেছেন জর্জ বুশ, উদগ্রীব উপহার দিতে

বুশ ও মনু
ওয়াশিংটন, ৭ এপ্রিল: হোয়াইট হাউসের ওভাল অফিসে এক সময় তাঁর চারপাশে গমগম করত ভিড়। কাকভোর থেকে গভীর রাত পর্যন্ত চোখের পলকে গড়িয়ে যেত সময়। মেয়াদ ফুরিয়ে যাওয়ার পর এখন তিনি একাকী। তাই সময় কাটাতে ছবি আঁকাকে বেছে নিয়েছেন প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি জর্জ বুশ।

বারাক ওবামার আগে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি পদে আসীন ছিলেন জর্জ বুশ জুনিয়র। ২০০৮ সালে যখন মেয়াদ ফুরিয়ে গেল, তখন থেকেই ঘিরে ধরেছিল একাকিত্ব। চারপাশে নেই অনুগ্রহপ্রার্থীদের ভিড়, নেই সরকারি কর্তাদের হুড়োহুড়ি। প্রথম প্রথম বেড়াতে বেরিয়ে পড়তেন তিনি। কিন্তু কাঁহা তক আর এভাবে ঘোরা সম্ভব! অথচ কী-ই বা করার আছে?

একদিন আলাপ হল ডালাসের চিত্রশিল্পী গেইল নোরফ্লিটের সঙ্গে। তিনিই বললেন, ছবি আঁকুন। যা ইচ্ছে হয় মনে, ফুটিয়ে তুলুন রং-তুলি দিয়ে। প্রস্তাবটা মনে ধরে জর্জ বুশের। প্রথমে কুকুর, বিড়াল, পাখি, সমুদ্র, জঙ্গল, এই সব আঁকতেন। ছোটোবেলায় চাপা পড়ে যাওয়া প্রতিভা আবার ফুটে বেরোতে থাকে। ক্রমশ পোর্ট্রেট আঁকতে শুরু করেন। মেয়ের পোর্ট্রেট, স্ত্রীয়ের পোর্ট্রেট, এমনকী নিজের পোর্ট্রেট। এর পর বিশ্বের অন্তত ৩০টি দেশের রাষ্ট্রনায়কদের পোর্ট্রেট এঁকেছেন।

জর্জ বুশ যে ৩০ জন রাষ্ট্রনায়কের ছবি এঁকেছেন, তাতে রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং। এ ছাড়া টোনি ব্লেয়ার, ভ্লাদিমির পুতিন, পারভেজ মুশারফ প্রমুখের ছবিও এঁকেছেন তিনি।

মনমোহন সিংকে ব্যক্তিগতভাবে খুব পছন্দ করেন জর্জ বুশ। ২০০৮ সালে হোয়াইট হাউসে দুই রাষ্ট্রনায়ক মিলিত হয়েছিলেন। মনমোহন সিং তাঁকে বলেছিলেন, "ভারতের জনগণ আপনাকে ভালোবাসে।" প্রত্যুত্তরে জর্জ বুশ বলেছিলেন, "আপনি যথার্থই ভালো মানুষ।" তাই ছবি আঁকার ব্যাপারটি থেকে "ভালো মানুষ"-কে কি বঞ্চিত করা যায়?

সাদা ক্যানভাসে বুলোতে থাকলেন তুলি। সেই নীল পাগড়ি, সাদা দাড়ি, কালো ফ্রেমের চশমায় ফুটিয়ে তুললেন মনমোহন সিংকে। ভেবে রেখেছেন, মনমোহন সিং কখনও আমেরিকায় এলে নিজের আঁকা ছবি উপহার দেবেন। গত শনি ও রবিবার ডালাস শহরে জর্জ বুশের আঁকা ছবিগুলি নিয়ে একটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল। তাতে মনমোহন সিংয়ের এই ছবিও ছিল।

বিশ্বস্ত সূত্রের খবর, আমেরিকায় নিযুক্ত ভারতের প্রাক্তন রাষ্ট্রদূত নিরুপমা রাও-কে ডেকে নিজের আঁকা ছবিগুলি দেখিয়েছিলেন তিনি। তা ছাড়া গত বছর নেলসন ম্যান্ডেলার অন্ত্যেষ্টি থেকে ফেরার পথে বিমানে নিজের আঁকা ছবিগুলির ছবি দেখিয়েছিলেন তিনি। দর্শক ছিলেন হিলারি ক্লিনটন, মিশেল ওবামার মতো সমঝদার মহিলারা।

তবে কোনও কোনও সমালোচক বুশের আঁকা ছবিগুলিকে বেশি গুরুত্ব দিতে নারাজ। তাঁদের মতে, এগুলি সাধারণ মানের ছবি। স্থানীয় শিল্পী বিল ম্যাককুলচ বলেন, "উনি নিজেকে সৃজনশীল মানুষ হিসাবে প্রমাণ করতে চাইছেন। কিন্তু ভালো ছবি আঁকতে গেলে নানা খুঁটিনাটি মাথায় রাখতে হয়। দুর্ভাগ্যের বিষয়, বুশের সেই জ্ঞান নেই।"

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+