Israel Gaza War: ৮ পণবন্দিকে মুক্তি দিল হামাস, বিনিময়ে ১১০ বন্দিকে ছাড়বে ইজরায়েলও, সংঘাতে দাঁড়ি?
Gaza Ceasefire Update: যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তির অঙ্গ হিসেবে বৃহস্পতিবার ৮ জন পণবন্দিকে (Hostages) মুক্তি দিল জঙ্গি সংগঠন হামাস (Hamas)। ১১০ জন প্যালেস্তাইনি (Palestine) কারাবন্দিকে জেল থেকে ছাড়বে ইজরায়েলও। বৃহস্পতিবার গাজা উপত্যকায় বন্দি ইজরায়েলি (Israeli) নারী সেনাকেও মুক্তি দিয়েছে হামাস।
গাজার জাবালিয়া শরণার্থী শিবির থেকে মুক্তি পাওয়া ওই পণবন্দি মহিলা সেনার নাম আগাম বার্গার। ২০২৩ সালের ৭ অক্টোবর ইজরায়েলে হামাসের হামলার পর ভয়াবহ যুদ্ধ শুরু হয় মধ্যপ্রাচ্যে (Middle East)। ইজরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির চুক্তি সফল হলে মধ্যপ্রাচ্যে প্রাণঘাতী সংঘর্ষে পুরোপুরি ইতি টানা সম্ভব হবে।

৭ অক্টোবরের হামলায় পাঁচ জন কমবয়েসি ইজরায়েলি মহিলা সেনাকে অপহরণ করা হয়। বার্গার ছিলেন তাদেরই মধ্যে একজন। বৃহস্পতিবার তাঁকে মুক্তি দেওয়া হল। বাকি চারজনকে গত শনিবারই মুক্তি দেওয়া হয়। বৃহস্পতিবার মোট আটজন পণবন্দিকে মুক্তি দেওয়া হয় বলে জানা গিয়েছে। এদের মধ্যে পাঁচজন থাইল্যান্ডের নাগরিক ও বাকি তিনজন ইজরায়েলি নাগরিক।
এদিন বার্গারের মুক্তিতে ইজরায়েল জুড়ে খুশির হাওয়া। তেল আভিভের স্কোয়ারে দাঁড়িয়ে মানুষজন উচ্ছ্বাস প্রকাশ করেন এদিন। হাততালি দিয়ে আনন্দে সিটিও বাজান তারা। পণবন্দিদের বন্দিদশা গোনা হচ্ছিল যে বড় ঘড়িতে, তারই পাশে দাঁড়িয়ে এদিন বড় স্ক্রিনে মহিলা সেনার মুক্তি দেখে উচ্ছ্বসিত হয়ে পড়েন দেশবাসী।
বুধবারই ইজরায়েলের প্রশাসনের তরফে জানানো হয়েছিল, তিন ইজরায়েলি পণবন্দিকে ছাড়বে হামাস। তাদের মধ্যে ২ জন মহিলা ও একজন ৮০ বছরের বৃদ্ধ। এছাড়াও ৫ জন থাইল্যান্ডের নাগরিককেও মুক্ত করার কথা ঘোষণা করে হামাস।
ইজরায়েলে হামলার সময় ইজরায়েলি নাগরিক-সহ একাধিক বিদেশি শ্রমিকদেরও বন্দি করে হামাস। পণবন্দিদের মধ্যে ২৩ জন থাইল্যান্ডের নাগরিককে গত নভেম্বরে সপ্তাহব্যাপী যুদ্ধবিরতি চলার সময় মুক্তি দেয় হামাস। ইজরায়েলের দাবি, হামাসের কাছে থাইল্যান্ডের ৮ জন বন্দির মধ্যে ২ জন মারা গিয়েছেন বলে অনুমান।
অন্যদিকে পণবন্দিদের মুক্তির বিনিময়ে ১১০ জন প্যালেস্তাইনি বন্দিকে মুক্তি দেবে ইজরায়েল। তবে তাঁদের মধ্যে ৩০ জন আবার ইজরায়েলিদের বিরুদ্ধে প্রাণঘাতী হামলা চালানোর দায়ে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত। প্রসঙ্গত, মার্কিন যুক্তরাষ্ট্র, ইজিপ্ট ও কাতারের মধ্যস্থতায় দীর্ঘ আলোচনার পর অবশেষে ইজরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি সম্ভবপর হয়েছে।












Click it and Unblock the Notifications