Israel Strikes Beirut: লেবাননে রাতভর হামলা ইজরায়েলের, হিজবুল্লাকে টার্গেট করে লাগাতার মিসাইল বর্ষণ
Israel Strikes Beirut: হিজবুল্লার বিরুদ্ধে লেবাননে লাগাতার হামলা ইজরায়েলের (Israel Lebanon War)। শনিবার রাতে লেবাননে প্রায় ২ ঘণ্টা ধরে হামলা চালাল ইজরায়েলি সেনা (Israel Defense Forces IDF)। যুদ্ধের শুরু থেকে এখনও পর্যন্ত সবচেয়ে বড় হামলা চালানো হয় গতকাল রাতভর। হিজবুল্লার (Hezbollah) ঘাঁটি গুঁড়িয়ে দিতে পরপর মিসাইল বর্ষণ করে ইজরায়েল। হামলা চালানো হয় অস্ত্রের গোডাউন, টানেলসহ একাধিক ঘাঁটিতে।
ইজরায়েলের সেনা প্রধান লেফটেন্য়ান্ট জেনারেল হার্জি হালেভি (Herzi Halevi) জানান, "হিজবুল্লার উপর চাপ সৃষ্টি করা থেকে কিছুতেই সরবে না ইজরায়েল।" হিজবুল্লাকে শেষ না করে ইজরায়েলি সেনারা পিছু হঠবে না বলেও হুঁশিয়ারি দেন সেনাপ্রধান।

ইজরায়েলের হামলায় বিধ্বস্ত দক্ষিণ বেইরুট (South Beirut)। শনিবার মধ্য়রাত থেকে রবিবার সকাল পর্যন্ত বেইরুট-সহ শহরতলিতেও হামলা চালায় ইজরায়েল। কমপক্ষে আটবার হামলা চালানো হয় বলে লেবাননের জাতীয় সংবাদমাধ্য়ম সূত্রে খবর। বারবার বিস্ফোরণে কেঁপে ওঠে বেইরুট সহ বিমানবন্দর সংলগ্ন এলাকা। দাহিয়েতে (Dahiyeh) বাসিন্দাদের এলাকা খালি করার নির্দেশও দেওয়া হয় ইজরায়েলি সেনার তরফে।
ইজরায়েলি সেনার উপর গোলাবারুদ ছোড়ে হিজবুল্লা। এরপরই পাল্টা প্রতিশোধ নিতে পরপর হামলা চালায় ইজরায়েল। ইজরায়েলি সেনার দাবি, রবিবার সকালে লেবাননের দিক থেকে প্রায় ৩০টি মিসাইল ছোড়া হয়। শনিবারও প্রায় ১৩০টি মিসাইল ছোড়ে লেবানন।
এখনও পর্যন্ত ইজরায়েলি হামলায় প্রায় ৪৪০ জন হিজবুল্লা জঙ্গির মৃত্যু হয়েছে বলে জানিয়েছে আইডিএফ। এদের মধ্য়ে ৩০ জন জঙ্গি কমান্ডারও রয়েছে বলে জানা গিয়েছে। অপরদিকে লেবাননের স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, গাজার যুদ্ধ থেকে শুরু করে এখনও পর্যন্ত ইজরায়েলের হামলায় ২ হাজারেরও বেশি মানুষ মারা গিয়েছেন। আহত হয়েছেন প্রায় সাড়ে ৯ হাজার মানুষ।
শনিবার নতুন করে লেবাননের উত্তরে অবস্থিত শহর ত্রিপোলিতে হামলা চালায় ইজরায়েল। হামলায় ইরানের মদতপুষ্ট হামাস জঙ্গিগোষ্ঠীর কমান্ডার সৈয়দ আতাল্লাহ আলিসহ তার স্ত্রী ও দুই মেয়ে নিহত হয়েছে বলে জানা গিয়েছে।
এদিকে পশ্চিম এশিয়ার যুদ্ধের (War in West Asia) মাঝেই ইজরায়েলকে অস্ত্র সরবরাহ বন্ধের ঘোষণা ফ্রান্সের (France)। রবিবার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাকরঁ (Emmanuel Macron) এমনই ঘোষণা করেন। যুদ্ধ থেকে সরে আসার বার্তা দিয়ে রোম, লন্ডন, নিউ ইয়র্ক, প্যারিস ও হামবুর্গে বিশাল মিছিলও বের করা হয়।












Click it and Unblock the Notifications