Ansar Group: আনসার বাহিনীর সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ, কী কারণে ফের অশান্ত বাংলাদেশ?
Ansar Group: ফের অশান্ত বাংলাদেশ। শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে। কিন্তু তাতেও আন্দোলন, অশান্তি থামার লক্ষণ নেই।
বাংলাদেশের সংবাদমাধ্যম প্রথম আলোর প্রতিবেদনে উল্লেখ, নিজেদের চাকরি জাতীয়করণ-সহ বিভিন্ন দাবিতে আনসার সদস্যরা বিক্ষোভ দেখাচ্ছিলেন। গতকাল পরিস্থিতি বড় আকার ধারণ করে।

ঢাকার সচিবালয় এলাকায় আনসার বাহিনীর আন্দোলনের জেরে যে পরিস্থিতি তৈরি হয়েছিল তা নিয়ন্ত্রণে এনেছে সেনাবাহিনী। পৃথক চারটি মামলায় গ্রেফতার আনসার বাহিনীর ৩৯০ জনকে জেলে পাঠানোর নির্দেশ দেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট।
শাহবাগ, রমনা, পল্টন ও বিমানবন্দর থানায় দায়ের হওয়া মামলাগুলিতে আনসার বাহিনীর সদস্যদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার হওয়া সকলের জামিনের আবেদন নাকচ হয়ে গিয়েছে। শাহবাগ থানায় দায়ের হওয়া মামলায় ১৯১ জন, রমনায় ৯৮, পল্টনে ৯৫ ও বিমানবন্দর থানায় ৬ জন আনসার সদস্যকে গ্রেফতার করা হয়।
অভিযোগ, ৮ থেকে ১০ হাজার আনসার সদস্য অনুমতি না নিয়ে সচিবালয়ে প্রবেশ করেছিলেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কথা অমান্য করে তাঁরা কর্মসূচি প্রত্যাহার করেননি। সেই সঙ্গে সচিবালয়ে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের অবরুদ্ধ করে রাখেন। সচিবালয়ে গাড়ি ভাঙচুরের অভিযোগও রয়েছে।
পুলিশের দাবি, যাঁরা গ্রেফতার হয়েছে তাঁরা বেআইনি সমাবেশ করার পাশাপাশি হিংসাত্মক কার্যকলাপে জড়িয়ে পড়েন। সচিবালয়ে ইট নিক্ষেপও করেন। সচিবালয়ে আনসার সদস্যরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক তথা অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম, সমম্বয়ক সারজিস আলম, হাসনাত আবদুল্লাহদের আটকে রাখেন বলে খবর রটে যায়।
এই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে টিএসসির রাজু ভাস্কর্যে জড়ো হয়ে শিক্ষার্থীরা মিছিল নিয়ে যান সচিবালয়ের দিকে। এই সময় দুই পক্ষের মধ্যে অশান্তি ও সংঘর্ষের ঘটনা ঘটে। দুই পক্ষেরই বেশ কয়েকজন আহত হন। উল্লেখ্য, আনসার বাহিনীর দাবি খতিয়ে দেখতে সাত সদস্যের কমিটি গড়েছে স্বরাষ্ট্র মন্ত্রক। এরপরই সকলকে কাজে ফেরত যেতে বলা হয়েছিল। কিন্তু তাতেও দমেননি আনসার বাহিনীর সদস্যরা। সচিবালয় অবরুদ্ধ করে চাকরি জাতীয়করণের জন্য জোরালো দাবি জানাতে থাকেন।
বাংলাদেশের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর বা আইএসপিআর জানিয়েছে, অন্তর্বর্তী সরকারের সাত উপদষ্টা-সহ সচিবালয়ের কর্মকর্তাদের আটকে রেখে বিক্ষোভ দেখাচ্ছিল আনসার বাহিনী। আনসার সদস্যরা তিন নম্বর গেট ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করেন। শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছেন তাঁরা। সচিবালয়ে নিরাপত্তার দায়িত্বে থাকা সেনাবাহিনীর উপরেও ইট, লাঠি দিয়ে হামলার চেষ্টা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে শূন্যে গুলিও চালাতে হয়। যাঁরা অবরুদ্ধ ছিলেন, পরে তাঁদের উদ্ধার করে বাড়িতে পাঠায় সেনাবাহিনী।












Click it and Unblock the Notifications