পাকিস্তানে ফের দুর্নীতি মামলায় ৭ বছরের জেল নওয়াজ শরিফের
ফের একটি দুর্নীতি মামলায় পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে ৭ বছরের কারাদণ্ড দিল সেদেশের আদালত।
ফের একটি দুর্নীতি মামলায় পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে ৭ বছরের কারাদণ্ড দিল সেদেশের আদালত। আল আজিজিয়া মামলায় এই রায় শোনানো হয়েছে। ফ্ল্যাগশিপ ইনভেস্টমেন্ট মামলায় অবশ্য শরিফকে বেকসুর খালাস করা হয়েছে।

বিচারক মহম্মদ আর্শাদ মালিক বলেছেন, শরিফ তার বিরুদ্ধে ওঠা মামলায় নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারেননি। প্রয়োজনীয় নথি দেখাতে পারেননি। গত সপ্তাহে শুনানির পর রায়দান স্থগিত রাখা হয়। এদিন সোমবারের মধ্যে বাকী থাকা দুটি দুর্নীতি মামলা গুটিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছিল সেদেশের শীর্ষ আদালত।
শরিফ রায়ের পর বলেছেন, আমার কোনও ভয় নেই। আমার ভাবনা সৎ। কেউ আমার মাথা নোয়াতে পারবে না। আমি সবসময় সততার সঙ্গে দেশের কাজ করেছি। তাঁর বিরুদ্ধে কোনও প্রমাণ নেই বলেও শরিফ দাবি করেছেন।
শরিফ ও তার পরিবারের বিরুদ্ধে অ্যাভেনফিল্ড প্রপার্টিস, ফ্ল্যাগশিপ ইনভেস্টমেন্ট ও আল আজিজিয়া- এই তিন মামলা ছিল। এর আগে এবছরের জুলাই মাসে অ্যাভেনফিল্ড প্রপার্টিস মামলায় শরিফকে ১১ বছরের কারাদণ্ড শোনানো হয়। তার মেয়ে মারিয়মকে ৮ বছর ও জামাই মহম্মদ সফদারকে ১ বছরের কারাদণ্ড শোনানো হয়। তবে ইসলামাবাদ হাইকোর্টের রায়ে জামিনে মুক্ত রয়েছেন তিনজনই। শরিফের দুই পুত্র হাসান ও হুসেন এই তিন দুর্নীতি মামলাতে অভিযুক্ত। তবে পলাতক বলে আদালতে দাবি করা হয়েছে।












Click it and Unblock the Notifications