India Afghanistan: আরও কোণঠাসা পাকিস্তান! আফগানিস্তানের তালিবান সরকারের সঙ্গে হাত মিলিয়ে কাজ করবে ভারত
India Afghanistan: আফগানিস্তানের তালিবানি সরকারের প্রতিরক্ষা মন্ত্রী মুত্তকির (Muttaqi) সঙ্গে সাক্ষাতে ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি (Vikram Misri)। নিরাপত্তা ও সাহায্য সংক্রান্ত একাধিক বিষয়ে কথা দু'তরফের। দু'দিন আগেই আফগানিস্তানে বিমান হামলা চালানোয় পাকিস্তানকে কড়া জবাব দিয়েছিল ভারত। নিজেদের ব্যর্থতার দায় প্রতিবেশীদের উপর চাপানো পাকিস্তানের পুরনো অভ্যেস বলে তীব্র কটাক্ষ করে ভারত।

মুত্তকির সঙ্গে মিশ্রির প্রথম বৈঠকে চাবাহার বন্দর (Chabahar Port) থেকে স্বাস্থ্যক্ষেত্রে সহায়তা, ক্রিকেটের বিষয়ে আলোচনা হয়েছে বলে সূত্রের খবর। বৈঠকের ছবি এক্স হ্যান্ডেলে শেয়ার করেন বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল (Randhir Jaiswal)। বিদেশমন্ত্রকের তরফে আরও জানানো হয়, আফগানিস্তানের সঙ্গে বৈঠকে নিরাপত্তা সংক্রান্ত ও দু'দেশের দ্বিপাক্ষিক নানা বিষয়েও আলোচনা হয়েছে।
২০২১ সালে আফগানিস্তানের ক্ষমতার রাশ নেয় তালিবানিরা (Taliban)। দীর্ঘ ২০ বছর পর আফগানিস্তান থেকে মার্কিন সেনা (US Troops) প্রত্যাহারের পর সেদেশের দখল নেয় তালিবানরা। সেথেকেই সেখানে সরকার গঠন করেছে তালিবান।
এদিন বৈঠক প্রসঙ্গে রণধীর জয়সওয়াল জানান, আফগানিদের জন্যে ভারত আগামিদিনেও স্বাস্থ্য-সহ নানা ক্ষেত্রে সহায়তার হাত বাড়িয়ে দেবে। চাবাহার বন্দর দিয়ে বাণিজ্য অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে। পাশাপাশি, সেদেশের শরণার্থীদের পুনর্বাসনেও সাহায্য করবে ভারত।
বিদেশমন্ত্রকের বিবৃতিতে জানানো হয়, ভারতের প্রতিশ্রুতি পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মুত্তকিও। এদিন দু'তরফের মধ্যে ক্রিকেটের উন্নতি নিয়েও আলোচনা করা হয়। আফগানি যুবসমাজের মধ্যে ক্রিকেট খুবই জনপ্রিয়। ইরানের চাবাহার বন্দরকে ব্যবহার করে আফগানিস্তানের সঙ্গে ব্যবসা বাণিজ্য ও বিভিন্ন সহায়তার হাত বাড়িয়ে দেবে ভারত। আগামিদিনে উন্নয়নমূলক বিভিন্ন কাজও করা হবে বলে জানানো হয়েছে বিদেশমন্ত্রকের তরফে।
যদিও আফগানিস্তানের তালিবানি প্রশাসনে নারী পরাধীনতা নিয়ে উদ্বেগের কথা জানিয়েছে ভারত। নারীর অধিকার নিয়ে ও আফগানিস্তানে সংখ্যালঘুদের অধিকার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ভারত। তালিবানি প্রশাসনের তরফে নারীদের স্কুলে অফিসে যেতে বাধা দেওয়ার অভিযোগ রয়েছে। এমনকী পুরুষ ছাড়া কোনও নারীর বাড়ির বাইরে বেরোনোতেও নিষেধাজ্ঞা রয়েছে তালিবানি সরকারের। যা নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করেছে ভারত।












Click it and Unblock the Notifications