আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচন, নিরাপত্তা জোরদার করছে ফেসবুক
সামনেই আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন তার আগে সাইবার সিকিউরিটি জোরদার করা শুরু হয়েছে গোটা দেশে। ফেসবুকও সেই কারণে নিরাপত্তা সুনিশ্চিত করতে তৎপর হয়েছে।
সামনেই আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন তার আগে সাইবার সিকিউরিটি জোরদার করা শুরু হয়েছে গোটা দেশে। ফেসবুকও সেই কারণে নিরাপত্তা সুনিশ্চিত করতে তৎপর হয়েছে। কোনও রকম তথ্য চুরি বা ফেসবুকের মাধ্যমে যাতে ভোটারদের প্রভাবিত করার ঘটনা না ঘটে সেদিকে কড়া নজরদারি চালানোর সিদ্ধান্ত নিয়েছে ফেসবুক। স্থানীয় সংবাদ মাধ্যম এবং ডিজিটাল মিডিয়ার তথ্য কোনও ভুল আছে কিনা সেটা খতিয়ে দেখার জন্য ২ মিলিয়ন ডলার খরচ করছে সংস্থা।

আমেরিকার নির্বাচনের আগে বিশেষ নজরদারি ফেসবুকে
২০১৬ সালে ফেসবুকের মাধ্যমে একাধিক ভুল তথ্য পরিবেশন চলেছিল যথেচ্ছভাবে। ভোটারদের প্রভাবিত করার সবরকম কাজ হয়েছিল ফেসবুকের মাধ্যমে। সেটার আর সুযোগ দিতে চাননা ফেসবুক সিইও মার্ক জুকেরবার্ক। সোমবার তিনি সাংবাদিক বৈঠক করে জানিয়েছেন, ২০২০ সালের আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে ফেসবুকের মাধ্যমে যাতে কোনও রকম ভুল তথ্য পরিবেশন করা না হয় সেদিকে কড়ানজরদারি চালানো হবে।

একাধিক পদক্ষেপ করছে ফেসবুক
ফেসবুকের মাধ্যমে ভুয়ো খবর ছড়ানো বন্ধ করতে ইতিমধ্যেই একাধিক পদক্ষেপ করেছে সংস্থা। আমেরিকার ভোটের আগে সেটা আরও জোরদার করা হয়েছে। ইরান এবং রাশিয়ার ফেসবুক অ্যাকাইন্টের উপর প্রতিনিয়ত চলবে নজরদারি। ইতিমধ্যেই ভুয়ো চারটি নেটওয়ার্ক ফেসবুক নিষিদ্ধ করেছে। এই নেটওয়ার্কগুলি আমেরিকা, দক্ষিণ আফ্রিকা এবং লাতিন আমেরিকার ভোটে ভুয়ো খবর প্রচার করে প্রভাবিত করার চেষ্টা চালায় বলে দাবি ফেসবুকের। সন্দেহজনক কোনও স্থান থেকে অ্যাকাউন্টে লগইন করার চেষ্টা করলে সেই অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হবে বলেও জানানো হয়েছে ফেসবুকের তরফ থেকে।

রাজনীতিকরা অবশ্য প্রচার চালাতে পারবেন
তবে রাজনীতিকরা প্রচার চালাতে পারবেন ফেসবুকে সেকথা জানিয়েছেন জুকেরবার্ক। তবে কোনও রকম ভুল তথ্য পরিবেশন করে প্রচার চালানো যাবে না সেকথাও জানিয়ে দেওয়া হয়েছে। হোয়াটসঅ্যাপ এবং ম্যাসেঞ্জারেও চালানো হবে কড়া নজরদারি। ভুয়ো খবরের প্রচার আটকাতে সবরকম ব্যবস্থা নিচ্ছেন জুকেরবার্গ।
ফেসবুকের এই বাড়তি নজরদারির জন্য অতিরিক্ত পেজ ম্যানেজারও নিয়োগ করা হয়েছে। যাঁরা প্রতিনিয়ত ফেসবুকের ভুয়ো খবর বা অ্যাকাউন্টের উপর নজরদারি চালাবে।












Click it and Unblock the Notifications