রাশিয়ার দূতাবাস লক্ষ্য করে কাবুলে বিস্ফোরণ, নিহত দুই রুশ কূটনীতিক
রাশিয়ার দূতাবাস লক্ষ্য করে কাবুলে বিস্ফোরণ, নিহত দুই রুশ কূটনীতিক
সোমবার কাবুলের দারুল আমান এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানানো হয়েছে, রুশ দূতাবাসকে লক্ষ্য করে এই হামলা করা হয়েছে। বিস্ফোরণে দুই রুশ কূটনীতিকের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। তবে এই বিষয়ে কাবুলের নিরাপত্তা আধিকারিক বা আফগান প্রশাসনের তরফে কোনও মন্তব্য করা হয়নি। এখনও পর্যন্ত এই হামলার দায় কোনও জঙ্গিগোষ্ঠী স্বীকার করেনি। তবে তালিবান কাবুল দখল করার পর থেকে আফগানিস্তানে আইএসের হামলা বেড়ে গিয়েছে।

আফগান মসজিদে আত্মঘাতী হামলা
আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রের খবর, গত সপ্তাহের শুক্রবার আফগানিস্তানের হেরাত প্রদেশের একটি মসজিদে ভয়াবহ বিস্ফোরণ হয়। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, মসজিদে এই বিস্ফোরণের ঘটনায় ১৮ জন নিহত হয়েছিলেন। ২১ জন আহত হয়েছেন। এই হামলায় মসজিদের ইমাম মাওলাবি মুজিব রহমান আনসারি নিহত হন। তালিবান শাসিত স্থানীয় প্রশাসন জানায়, জুমার নামাজের সময় মসজিদে আত্মঘাতী বিস্ফোরণ হয়। তালিব প্রশাসনের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ টুইটারে হেরাত প্রদেশে মসজিদে আত্মঘাতী হামলার খবর নিশ্চিত করেছেন। তিনি টুইটারে জানিয়েছেন, এই হামলার সঙ্গে যুক্ত দোষীদের শাস্তি দেওয়া হবে।

পশ্চিমি সেনা প্রত্যাহারের প্রথম বার্ষিকী পালন
৩১ অগাস্ট তালিব প্রশাসন আফগানিস্তান থেকে পশ্চিমি বাহিনী প্রত্যাহারের প্রথম বার্ষিকী পালন করে। সেখানে তালিবান সরকারের নিরাপত্তারক্ষী, আত্মঘাতী বোম স্কোয়াড মোটর সাইকেলে করে কাবুল শহর পরিদর্শন করেন। দেশের সামরিক অস্ত্র, বোমা পরিদর্শন করানো হয়। আমেরিকা সেনা প্রত্যাহার করে নিলেও একাধিক সামরিক অস্ত্র ফেলে যায়। সেগুলো নিয়ে তালিবানের সামরিক বাহিনী কুচকাওয়াজ করে। নিজেদের শক্তি প্রদর্শন করে। তালিবান সরকার ৩১ অগাস্টকে জাতীয় ছুটির দিন বলে ঘোষণা করেছে। ৩১ অগাস্ট রাতে তালিবান সরকারের তরফে আতসবাজির প্রদর্শন করা হয়।

আফগানিস্তানে তালিবান শাসন
এক বছর আগে ২০২১ সালে জুন মাসে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ঘোষণা করেন, ৩১ আগস্টের মধ্যে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করা হবে। তারপর আফগানিস্তানের একের পর এক শহর তালিবানের হেফাজতে চলে যায়। ২০২১ সালের ১৫ অগাস্ট তালিবান কাবুল দখল করে নেয়। কিন্তু ৩১ অগাস্ট পর্যন্ত কাবুলের আন্তর্জাতিক বিমানবন্দর মার্কিন সেনাদের নিয়ন্ত্রণে ছিল। মার্কিন সেনারা কাবুল বিমানবন্দর ছেড়ে দেওয়ার পর সমস্ত আফগানিস্তান তালিবান দখল করে। সেই সময় তালিবান শাসনের ভয়ে বহু আফগান নাগরিক একাধিক দেশে শরণার্থী হিসেবে আশ্রয় নেন।












Click it and Unblock the Notifications