শতকের সব থেকে বেশি কঠিন পরিস্থিতিতে রয়েছি আমরা, দাবি রাষ্ট্রসংঘের প্রধান গুতেরেসের
নতুন বছরের শুরুটা বিশ্বের জন্যে একেবারেই ভালো হল না। এমনই মন্তব্য করেন রাষ্ট্রসংঘের প্রধান আন্তোনিও গুতেরেস। মূলত, ইরান ও আমেরিকার মধ্যে বাড়তে থাকা যুদ্ধের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেই এমনটা বলেন তিনি। পাশাপাশি তিনি বলেন, 'বর্তমানে বিশ্ব খুব কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। আমরা সাংঘাতিক একটি সময়তে বসবাস করছি। এই শতকের সব থেকে বেশি ভূ-রাজনৈতিক উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি আমরা।'

উদ্বেগ প্রকাশ করেন রাষ্ট্রসংঘের মহাসচিব
ইরানের প্রভাবশালী সামরিক কমান্ডার এবং বিপ্লবী গার্ড বাহিনী কুদস ফোর্সের প্রধান কাশেম সুলেমানি বাগদাদে এক মার্কিন বিমান হামলায় নিহত হওয়ার ঘটনায় উদ্ভূত পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেন রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।

গুতেরেসের বক্তব্য
এক বিবৃতিতে আন্তোনিও গুতেরেস বলেন, এই হামলার ফলে পারস্য উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা বাড়বে। এ মুহূর্তে ওই অঞ্চলে আরেকটি যুদ্ধের ধকল সামলাতে পারবে না বিশ্ব। তাই শীর্ষ নেতাদের সর্বোচ্চ আত্মসংযম চর্চার আহ্বান জানিয়েছেন তিনি। গত সপ্তাহের শুক্রবার ভোরে ইরাকের বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে মার্কিন হামলায় নিহত হন কাশেম সোলাইমানি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে কাশেম সোলাইমানিকে হত্যা করা হয় বলে নিশ্চিত করেছে মার্কিন প্রতিরক্ষা বিভাগের সদর দফতর পেন্টাগন।

সুলেমানির হত্যা পরবর্তি পরিস্থিতি
ইরানের কুদস ফোর্সের প্রধান জেনারেল কাশেম সুলেমানির হত্যার প্রতিশোধের হুঙ্কার আগেই দিয়েছিলেন ইরানের ক্ষমতার অলিন্দে থাকা আয়াতুল্লাহ খামেনি। এবার আমেরিকার সব ধরনের বাহিনীকে জঙ্গি হিসাবে ঘোষণা করল ইরান। সুলেমানির হত্যার প্রতিশোধ নিতে মার্কিন প্রেসিডেন্টের মাথার দাম ধার্য করল ইরান। সূত্রের খবর ডোনাল্ড ট্রাম্পের মাথার দাম তারা রেখেছে ৮০ মিলিয়ন ডলার। এবং এই টাকা তারা ইরানের জনগণের থেকে সংগ্রহ করছে।

ইরানের বিদেশমন্ত্রীর ভিসার আবেদন খারিজ করল আমেরিকা
এদিকে ইরানের বিদেশমন্ত্রীর ভিসার আবেদন খারিজ করল আমেরিকা। রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে যোগ দেওয়ার জন্যে নিউ ইর্কে যাওয়ার কথা ছিল ইরানের বিদেশমন্ত্রী জাভআদ জারিফের। তবে তার ভিসার আবেদন নাকচ করল আমেরিকা। প্রসঙ্গত, জেনারেল সুলেমানি হত্যার পর আমেরিকার বিরুদ্ধে প্রতিশোধের হুঙ্কার দিয়েছিলেন ইরানের বিদেশমন্ত্রী। তারই ফলস্বরূপ তাঁর ভিসার আবেদন নাকচ করা হল বলে অনুমান। এই পরিস্থিতিতে দুই দেশের মধ্যে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে যাচ্ছে।












Click it and Unblock the Notifications