জঙ্গিরা চাঁদ থেকে মাটিতে পড়ে না, পাকিস্তানকে তুলোধোনা ইউরোপীয় ইউনিয়নের
কাশ্মীর নিয়ে ভারতের অবস্থানকে সমর্থন ইউরোপীয় ইউনিয়নের সংসদের।
কাশ্মীর নিয়ে ভারতের অবস্থানকে সমর্থন ইউরোপীয় ইউনিয়নের সংসদের। পাশাপাশি সন্ত্রাসবাদে মদত দেওয়ায় পাকিস্তানকে তুলোধোনা করল ইউরোপীয় ইউনিয়ন। কাশ্মীরে হস্তক্ষেপ করার আবেদন করেছিল পাকিস্তান। তা পত্রপাট খারিজ করে দিয়ে ইউরোপীয় ইউনিয়ন জানিয়ে দিয়েছে, কাশ্মীর সমস্যা শান্তিপূর্ণভাবে আলোচনার মাধ্যমেই ভারতের সঙ্গে সমাধান করতে হবে।

পাকিস্তানকে তুলোধোনা
ইউরোপীয় ইউনিয়নের তরফে পোল্যান্ডের সদস্য রিজার্ড কারনেকি বলেছেন, ভারত বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্র। ভারত ও জম্মু-কাশ্মীরে যে জঙ্গি হামলা হচ্ছে তার দিকে নজর ফেরানো প্রয়োজন। এই জঙ্গিরা চাঁদ থেকে নেমে আসেনি। পাশের দেশ থেকে এসেছে। ফলে আমাদের ভারতকে সমর্থন করা প্রয়োজন।

নিশানায় পাকিস্তান
সেই কথার সুর ধরেই ইতালির মুখপাত্র ফুলবিও মার্তুসিয়েলো বলেছেন, পাকিস্তান পরমাণু যুদ্ধের হুমকি দিচ্ছে। পাকিস্তান থেকেই ইউরোপে জঙ্গি হামলার ছক কষা হচ্ছে। এছাড়া পাকিস্তানে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা নিয়েও তিনি ইমরান খানের দেশকে একহাত নিয়েছেন।

ইউরোপীয় ইউনিয়নে আলোচনা
প্রসঙ্গত, ২০০৮ সালের পর থেকে এই নিয়ে দ্বিতীয়বার ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্টে কাশ্মীর ইস্যুতে আলোচনা হল। কাশ্মীরের ৩৭০ ধারা তুলে নেওয়ার পর থেকে ভারত-পাকিস্তান সম্পর্ক আরও খারাপ হয়েছে। যার প্রভাব পড়েছে সুদূর ইউরোপীয় ইউনিয়নের দেশগুলিতেও।












Click it and Unblock the Notifications