ফেব্রুয়ারির মধ্যে ইউরোপে আর পাঁচ লক্ষ কোভিডে মৃত্যু হবে, আশঙ্কা হু–এর
ফেব্রুয়ারির মধ্যে ইউরোপে আর পাঁচ লক্ষ কোভিডে মৃত্যু হবে, আশঙ্কা হু–এর
ইউরোপে যেভাবে কোভিড–১৯ কেস বাড়তে দেখা দিয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বৃহস্পতিবারই সতর্ক করে জানিয়েছে যে ফেব্রুয়ারির মধ্যে আরও ৫ লক্ষ করোনায় মৃত্যু হতে পারে এই মহাদেশে।

জানা গিয়েছে যে ৪ নভেম্বর জার্মানিতে দৈনিক কোভিড–১৯ কেস আবারও বাড়তে দেখা গিয়েছে, যা বেশ চিন্তার কারণ হয়ে উঠেছে। হু–এর ইউরোপ শাখার আঞ্চলিক ডিরেক্টর হান্স ক্লুগ বলেছেন, '৫৩টি দেশ বিশিষ্ট ইউরোপ এবং মধ্য এশিয়া অঞ্চল আগামী সপ্তাহগুলিতে করোনা ভাইরাস মহামারি পুনরুত্থানের প্রকৃত হুমকির সামনে বা ইতিমধ্যে সংক্রমণের নতুন ওয়েভের সম্মুখীন হচ্ছে।’ তিনি এও বলেন, 'ইউরোপের পরিস্থিতি নিয়ে চিন্তা বাড়ছে। সংক্রমণের গতি পর্যবেক্ষণ করার পর মনে হচ্ছে আগামী বছরের গোড়াতেই মৃত্যুর সংখ্যা আরও ৫ লক্ষ বাড়বে।’ ক্লুগ জানান যে বিশ্ববাসী মহামির ফের শুরু হওয়ার পয়েন্টে রয়েছে। এক বছর আগে যেখানে ছিল ইউরোপ আবার মহামারির উৎসকেন্দ্রে পরিণত হতে চলেছে বলে জানিয়েছেন ক্লুগ।
ক্লুগ এও জানান যে এখন পার্থক্য হল স্বাস্থ্য কর্তৃপক্ষ ভাইরাস সম্পর্কে আরও বেশি জানেন এবং এটি মোকাবিলা করার জন্য আরও ভাল সরঞ্জাম রয়েছে। তবে কিছু এলাকায় প্রতিরোধ ব্যবস্থা শিথিল ও টিকাকরণের হার কম হওয়ার জন্য উদ্বেগের সৃষ্টি হয়েছে। গত সপ্তাহে কোভিড–১৯–এর জন্য ৫৩টি দেশে হাসপাতালে ভর্তির হার দ্বিগুণ হয়ে গিয়েছে। ক্লুগ আশঙ্কা প্রকাশ করে জানান যে এভাবে যদি চলতে থাকে তবে ইউরোপ ফেব্রুয়ারির মধ্যে ৫ লক্ষ মৃত্যু দেখতে পাবে।
প্রসঙ্গত, চলতি বছরের এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহে ইউরোপে কোভিড-১৯ সংক্রমণে মৃত্যুর সংখ্যা ১০ লক্ষ ছাড়িয়েছিল। হান্স জানান, সম্প্রতি ইউরোপের ৫৩টি দেশে সংক্রমণ যে গতিতে বাড়তে শুরু করেছে, তা না কমলে ফের বিপর্যয় অবশ্যম্ভাবী। এই পরিস্থিতিতে টিকাকরণ কেমন চলছে, কী পর্যায়ে রয়েছে, এ সব না ভেবে সংক্রমক রোগের ক্ষেত্রে যা যা করা উচিত, সেই অনুযায়ী করোনা–বিধি তৈরি করার পরামর্শ দিয়েছে হু। ক্লুগ জানিয়েছেন যে এই প্রদেশে এখনও পর্যন্ত গড়ে মাত্র ৪৭ শতাংশ মানুষ সম্পূর্ণভাবে টিকা পেয়েছে। মাত্র আটটি দেশের জনসংখ্যার ৭০ শতাংশ মানুষের দু’টি ডোজ নেওয়া সম্পন্ন হয়েছে।
বুধবার হু–এর সদর দফতর জেনেভা থেকে রিপোর্ট করে জানানো হয় যে ইউরোপে টানা পাঁচদিন ধরে করোনা কেস বাড়তে দেখা গিয়েছে। ইউরোপই একমাত্র প্রদেশ যেখানে এখনও করোনা কেস বৃদ্ধি পেয়ে চলেছে। সংক্রমণের হার ইউরোপে সবচেয়ে বেশি ছিল, যা প্রতি এক লক্ষ জনে ১৯২ টি নতুন কেস রিপোর্ট করেছে।












Click it and Unblock the Notifications