Eiffel Tower: আইফেল টাওয়ারে আগুন, বড়দিনের প্রাক্কালে প্যারিসে বিপত্তির মুখে ১২০০ পর্যটক
Eiffel Tower: বড়দিনের উৎসব শুরুর কয়েক ঘণ্টা আগেই চাঞ্চল্য ছড়াল প্যারিসের আইফেল টাওয়ারে। আচমকাই আগুনের শিখা দেখা যায়।
স্বাভাবিকভাবেই জনবহুল এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। দ্রুত খালি করে দেওয়া হয় গোটা এলাকা।

ইউরোনিউজের প্রতিবেদনে উল্লেখ, আইফেল টাওয়ারে লিফট চলাচলের যে জায়গাগুলি রয়েছে তার একটির প্রথম ও দ্বিতীয় ফ্লোরের মধ্যে আগুন লাগে। জানা গিয়েছে, কেবল অতিরিক্ত গরম হয়েই এই বিপত্তি। সকালে আগুন লাগার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যান দমকলকর্মীরা।
জানা যাচ্ছে, প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনতে কিছুটা অসুবিধা হলেও দুপুরের মধ্যেই আগুন নিভিয়ে ফেলা সম্ভব হয়েছে। উৎসবমুখর প্যারিসে আইফেল টাওয়ারের কাছে হাজির ছিলেন ১২০০ পর্যটক। দ্রুত তাঁদের নিরাপদ জায়গায় সরিয়ে গোটা এলাকা খালি করে দেওয়া হয়।
এই অগ্নিকাণ্ডের ঘটনায় কোনও হতাহতের খবর নেই। প্রতিদিন আইফেল টাওয়ার দেখতে যান ১৫ থেকে ২৫ হাজার পর্যটক। তবে এদিন আগুন লাগায় পর্যটকদের গতিবিধি নিয়ন্ত্রণ করা হয়েছে। আইফেল টাওয়ারে আগুন লাগার খবর আসার কয়েক ঘণ্টা আগে সেন্ট লাজার ট্রেন স্টেশনের কাছে একটি বিল্ডিংয়ে নির্মাণকাজ চলাকালীন আগুন লেগেছিল।
এদিন আইফেল টাওয়ারের আগুনের ঘটনা মনে করাল ১৯৫৬ সালে আইফেল টাওয়ারের টিভি কন্ট্রোল রুমে অগ্নিকাণ্ডের ঘটনাকে। তবে তাতে ক্ষয়ক্ষতি হয়েছিল প্রচুর। মেরামত করে পূর্বাবস্থায় ফেরাতে সময় লেগেছিল প্রায় এক বছর। ২০১৯ সালে প্যারিসে নতরে দাম ক্যাথিড্রালেও ( Notre Dame Cathedral) আগুন লেগেছিল। গত ডিসেম্বর তা সংস্কারের পর খুলে দেওয়া হয়েছে জমকালো অনুষ্ঠানে।
উল্লেখ্য, চলতি বছর অগাস্টে আইফেল টাওয়ারে উঠে পড়েছিলেন এক ব্যক্তি। প্যারিস অলিম্পিক্সের সমাপ্তি অনুষ্ঠান শুরুর কয়েক ঘণ্টা আগেই। সেই সময়ও ওই এলাকা খালি করে দিয়েছিল ফ্রান্সের পুলিশ।












Click it and Unblock the Notifications