Pakistan Earthquake: প্রকৃতির প্রতিশোধ! তীব্র ভূমিকম্পে কাঁপল পাকিস্তানের মাটি, গোটা দেশেই অনুভূত কম্পন
Pakistan Earthquake: প্রকৃতিও যেন প্রতিশোধ নিচ্ছে। বুধবার রাতে তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান। ২ দিন আগেই জোরালো ভূমিকম্প হয়েছিল পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ায় । বুধবার ফের কাঁপল পাকিস্তানের মাটি। রিখটার স্কেলে মাত্রা ৪.৪। ভারতীয় সময় অনুযায়ী বুধবার রাত ৯টা বেজে ৫৮ মিনিট ২৬ সেকেন্ডে ভূমিকম্প হয় পাকিস্তানে। এমনটাই জানিয়েছে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস)।
এনসিএস জানিয়েছে, মাটি থেকে ৫০ কিলোমিটার গভীরে ভূমিকম্পের উৎসস্থল। ৩১.০৮ উত্তর অক্ষাংশ ও ৬৮.৮৪ পূর্ব দ্রাঘিমাংশ বরাবর ভূমিকম্পের উপকেন্দ্র। একাধিক চ্যুতিরেখা বরাবর অবস্থানের কারণে ভূমিকম্প প্রবণ এলাকার মধ্যে পড়ে পাকিস্তান। আর তাই প্রায়শই জোরালো ও বিধ্বংসী ভূমিকম্প দেখা যায় পাকিস্তানে। এর আগে একাধিক তীব্র ভূমিকম্পে ক্ষয়ক্ষতি হয়েছে পাকিস্তানে। যদিও বুধবার রাতের ভূমিকম্পে তেমন ক্ষয়ক্ষতির খবর মেলেনি।

এদিন ভূমিকম্প অনুভূত হতেই ঘরবাড়ি ছেড়ে আতঙ্কে বাইরে বেরিয়ে আসেন মানুষজন। ২ দিনের ব্যবধানে এমন ভূমিকম্পে রীতিমতো আতঙ্কে পাকিস্তান। গত রবিবারই খাইবার পাখতুনখাওয়ার সোয়াত এলাকায় ৪.৪ মাত্রার ভূমিকম্প হয়েছিল। হিন্দুকুশ পার্বত্য এলাকায় ভূমিকম্পের উপকেন্দ্র ছিল। ভূগর্ভস্থে ১৮৫ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পের উৎসস্থল। সোয়াতে ভূমিকম্পে তেমন ক্ষয়ক্ষতির খবর না মিললেও আতঙ্ক ছড়িয়ে পড়ে মানুষের মধ্যে।
আরবিয়ান, ইউরো এশিয়ান ও ভারতীয় টেকটনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত পাকিস্তান। যার জেরে শুধু পাকিস্তানেই মোট পাঁচটি ভূমিকম্প প্রবণ এলাকা রয়েছে। এর আগে ১২ এপ্রিল জোরালো ভূমিকম্প হয়েছিল পাকিস্তানে। রিখটার স্কেলে মাত্রা ছিল ৫.৮। ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পের উৎসস্থল। যার জেরে পরে আফটারশকেরও আশঙ্কা ছিল। তার আগে শুধু ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধেই ২০টি ছোট ছোট ভূমিকম্প হয়েছিল পাকিস্তানে।
তবে বিশেষজ্ঞদের মতে, আগামিদিনে আরও জোরালো ভূমিকম্প হতে পারে পাকিস্তানে। তবে ছোট ছোট ভূমিকম্পে শক্তি নির্গত হয়ে যাওয়ায় অতি বেশি মাত্রার ভূমিকম্পের আশঙ্কা কম হয়ে যায়। হিমালয়ের ভূকম্পন প্রবণ এলাকাগুলির মধ্যে পড়ে পাকিস্তানও। ২০০৫ সালের কাশ্মীরে ভূমিকম্প ছিল সবচেয়ে বেশি ভয়াবহ। ৮০ হাজার মানুষের মৃত্যু হয়েছিল। এরপর ২০১৫ সালের ভূমিকম্পেও আফগানিস্তান, পাকিস্তান ও ভারতের বিভিন্ন এলাকায় ব্যাপক প্রভাব পড়েছিল।












Click it and Unblock the Notifications