S Jaishankar: ট্রাম্পের শপথ গ্রহণে থাকবেন এস জয়শঙ্কর, মোদী সরকারের প্রতিনিধি হয়ে বৈঠকও সারবেন বিদেশমন্ত্রী
S Jaishankar: আগামী ২০ জানুয়ারি সোমবার শপথ (Swearing-in Ceremony) নেবেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। ৪৭তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ট্রাম্প। সেখানেই উপস্থিত থাকবেন ভারতের বিদেশমন্ত্রী (External Affairs Minister) এস জয়শঙ্কর।
রবিবার বিবৃতি জারি করে ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছে, ট্রাম্প ও ভ্যান্সের শপথ গ্রহণ অনুষ্ঠানের তদারকি কমিটি ভারত সরকারকে আমন্ত্রণ পাঠিয়েছে। ভারত সরকারের প্রতিনিধি হিসেবে সেখানে উপস্থিত থাকবেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।

ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে গিয়ে নতুন মার্কিন প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক সারবেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। স্থানীয় সময় অনুযায়ী দুপুর ১২টায় ওয়াশিংটন ডিসির ক্যাপিটলের পশ্চিম ফ্রন্টে হবে শপথ অনুষ্ঠান। শপথ গ্রহণের পর ভাষণ দেবেন আমেরিকার ভাবী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর প্রেসিডেন্ট রুমে রীতি মেনে অফিসিয়াল কিছু কাজকর্ম সারবেন তিনি।
সেসময়ই বেশকিছু এক্সিকিউটিভ অর্ডারে প্রেসিডেন্ট হিসেবে স্বাক্ষর করবেন ডোনাল্ড ট্রাম্প। শপথ গ্রহণের দিনই স্ট্যাচুটরি হলে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়েছে। সেখানে উপস্থিত থাকবেন কংগ্রেসের সদস্য ও সুপ্রিম কোর্টের বিচারপতিরা। পেনসিলভেনিয়া অ্যাভিনিউয়ে সেনার কুচকাওয়াজ হবে। এরপর 'ইনগরাল বলস' দিয়ে শেষ হবে শপথ গ্রহণের অনুষ্ঠান। একইসঙ্গে শুরু হবে নতুন সরকারের পথ চলা।
দ্বিতীয়বারের জন্য মার্কিন মসনদে বসতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট (US President) পদে দ্বিতীয়বার শপথ নেবেন তিনি। এর আগে ২০১৭ থেকে ২০২১ পর্যন্ত ৪৫ তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব সামলেছেন ডোনাল্ড ট্রাম্প।
একাধিক স্পর্শকাতর ইস্যুতে ট্রাম্পের প্রশাসনের নীতির দিকে তাকিয়ে রয়েছে অনেক দেশ। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, পশ্চিম এশিয়ায় যুদ্ধ, জলবায়ু পরিবর্তন-সহ নানা ইস্যুতে নতুন ট্রাম্প প্রশাসন কী সিদ্ধান্ত নেয়, সেদিকে তাকিয়ে রয়েছে নানা দেশ।
এর আগে ২৪ থেকে ২৯ ডিসেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রে সফরে গিয়েছিলেন এস জয়শঙ্কর। কংগ্রেস সদস্য তথা ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ওয়াল্টজের সঙ্গে দেখা করেন তিনি। ভাবী মার্কিন প্রশাসন ও ভারত সরকারের মধ্যে সেটাই ছিল প্রথম হাই প্রোফাইল বৈঠক। একাধিক বিষয়ে জয়শঙ্কর ও ওয়াল্টজের মধ্যে কথা হয়। ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়েও আলোচনা হয়।












Click it and Unblock the Notifications