Smoking Effects: সিগারেট প্রতি গড়ে ২০ মিনিট আয়ু কমে ধূমপায়ীদের! গবেষকরা যা জানালেন শুনলে চমকে উঠবেন
Smoking Effects: ধূমপান যে আসলে ধীরে ধীরে মৃত্যুর দিকে নিজেকে ঠেলে দেওয়া, তা কারও অজানা নয়। তবে সম্প্রতি একটি গবেষণায় (Research) উঠে এসেছে ভয়াবহ তথ্য। একটি সিগারেট (Cigarette) খেলেই জীবনের ১৭ মিনিট খুইয়ে বসেন একজন পুরুষ।
মহিলাদের ক্ষেত্রে আবার সময় খানকিটা বেশি। প্রত্যেক সিগারেট মহিলাদের আয়ু থেকে ২২ মিনিট কেড়ে নেয় বলে চাঞ্চল্যকর দাবি করা হয়েছে সমীক্ষায়। ইউনিভার্সিটি কলেজ লন্ডন বা ইউসিএলের হেলথ অ্যান্ড সোশ্যাল কেয়ার বিভাগের গবেষকদের করা সমীক্ষায় উঠে এসেছে এমনই চাঞ্চল্যকর তথ্য।

গত সমীক্ষার থেকেও এবারের ফলাফল মারাত্মক। গত সমীক্ষায় দাবি করা হয়েছিল ধূমপায়ীদের ক্ষেত্রে প্রত্যেক সিগারেটে জীবনের ১১ মিনিট আয়ু কমে যায়। তবে চলতি সমীক্ষায় তা বেড়ে গিয়ে পুরুষদের ক্ষেত্রে ১৭ ও মহিলাদের ক্ষেত্রে ২২ মিনিট হয়ে দাঁড়িয়েছে।
সমীক্ষায় আরও বলা হয়েছে, ধূমপানের সঙ্গে সঙ্গে জীবনের আয়ুও কমে আসে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন মারণ অসুখ বাসা বাঁধে শরীরে। গড় হিসেবে ধরতে গেলে, সিগারেট প্রতি ২০ মিনিট সময় জীবন থেকে চলে যায়। অর্থাৎ ২০টি সিগারেটের একটি প্যাকেট পুরো খেলে মানুষের আয়ু ৭ ঘণ্টা কমে যায়।
ইউসিএলের প্রিন্সিপাল গবেষক সারা জ্যাকশন বলেন, শত চেষ্টা সত্ত্বেও যারা ধূমপানের অভ্যাস ছাড়তে পারেন না বা যারা নানারকম অজুহাত দেখিয়ে ধূমপান করে চলেছেন, তাদের জন্য এই উদ্বেগের যথেষ্ট কারণ রয়েছে।
সমীক্ষায় দেখা গিয়েছে, একজন ধূমপায়ী ব্যক্তির গড়পরতা ১০ বছর আয়ু কমে আসে। জ্যাকশন বলেন, এই ১০ বছরে পরিবারের সঙ্গে কত সুন্দর মুহূর্ত কাটানো যেত, কিন্তু ধূমপানের ফলে ১০ বছর আগেই হৃৎস্পন্দন বন্ধ হয়ে আসে।
গবেষণায় বলা হয়েছে, যদি কোনও ধূমপায়ী নতুন বছরের শুরুতে ধূমপানের অভ্যাস ত্যাগ করেন, তাহলে বছরের শেষে পর্যন্ত প্রায় ৫০ দিন আয়ু বাড়বে তার। তবে আয়ু বাড়াতে পুরোপুরি ধূমপানের অভ্যাস ত্যাগ করতে হবে।
গবষেকদের মতে, ধূমপানের সীমা বলে কিছু হয়না। তবে যারা সারাদিনে একটি সিগারেট খান, তাদের ক্ষেত্রে হৃদরোগ ও স্ট্রোকের আশঙ্কা ৫০ শতাংশ কম থাকে, যারা দিনে ২০টি মতো খান, তাদের তুলনায়।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, বিশ্বজুড়ে অন্যতম অতিমারী হল এই ধূমপানের রোগ। প্রতি বছর ৮০ লক্ষেরও বেশি লোক এতে মারা যান। শুধু তাই নয়, প্রতি বছর প্রায় ১০ লক্ষ ৩০ হাজার নতুন ধূমপায়ীদের সংখ্যা বেড়ে যায় বলেও দাবি হু-এর রিপোর্টে।
এমনকী, তামাক সেবনকারী ১০ লক্ষ ৩০ হাজার লোকের ৮০ শতাংশ মানুষই নিম্ন ও মধ্যবর্তী আয়ের দেশগুলিতে বসবাস করেন। এই সমস্ত দেশগুলিতে তামাকজনিত রোগের প্রাদুর্ভাব ও মৃত্যুর সংখ্যাও সবচেয়ে বেশি।












Click it and Unblock the Notifications