দুবাই উড়ান প্রদর্শনীতে ভয়াবহ দুর্ঘটনা, আকাশেই ভেঙে পড়ল ভারতীয় তেজস যুদ্ধবিমান, পাইলটের মর্মান্তিক মৃত্যু
দুবাই এ উড়ান প্রদর্শনী ২০২৫ এর আকাশে শুক্রবার বিকেলে ঘটে গেল এক হৃদয়বিদারক ঘটনা। প্রদর্শনী উড়ানে অংশ নিতে গিয়ে দুবাইয়ের আল মাকতুম আন্তর্জাতিক বিমানবন্দরের আকাশে ভেঙে পড়ল ভারতীয় বায়ুসেনার হালকা যুদ্ধবিমান তেজস। ভারতীয় বায়ুসেনা নিশ্চিত করেছে, ভয়াবহ এই দুর্ঘটনায় পাইলট প্রাণ হারিয়েছেন।
স্থানীয় সময় দুপুর ২টা ১০ মিনিটের সামান্য পরেই তেজস হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে নিচে আঁছড়ে পড়ে। মুহূর্তের মধ্যেই আগুন ও ধোঁয়ার বিশাল স্তম্ভ দেখা যায়। একাধিক দর্শক ধারণ করা ভিডিওতে দেখা যায়, বিমানটি দ্রুত মাটির দিকে নীচে নেমে মুহূর্তের মধ্যে আগুনের বলয়ে বিস্ফোরিত হয়। কোনো ইজেকশন সিস্টেম সক্রিয় হয়েছে কি না, তা ভিডিওয় ধরা পড়েনি।

উড়ান প্রদর্শনীর দর্শক সারিতে সে সময় উপস্থিত ছিলেন বহু পরিবার, শিশু। চোখের সামনে এমন দুর্ঘটনা ঘটে যেতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন অনেকে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় দুবাইয়ের জরুরি পরিষেবা।
ভারতীয় বায়ুসেনার এক মুখপাত্র জানান, আইএএফ এর একটি তেজস বিমান দুবাই এয়ার শো ২৫ এ বিধ্বস্ত হয়েছে। ঘটনাটির বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে। কিছুক্ষণের মধ্যেই আরও তথ্য দেওয়া হবে।"
দুই বছর অন্তর আয়োজিত দুবাই উড়ান প্রদর্শনীতে এবছরই জমকালো উপস্থিতি ছিল ইমিরেটস ও ফ্লাই দুবাইয়ের। কিন্তু এই মর্মান্তিক দুর্ঘটনা উৎসবের আবহকে এক লহমায় স্তব্ধ করে দেয়।
উল্লেখ্য, তেজস হল ভারতের প্রথম স্বদেশি যুদ্ধবিমান নকশা করেছে অ্যারোনটিক্যাল ডেভলপমেন্ট এজেন্সি, আর তৈরি করে হিন্দুস্থান অ্যারোনটিক্স লিমিটেড তথা এইচএএল। বর্তমানে ভারতীয় বায়ুসেনা তেজস Mk1 উড়াচ্ছে ও উন্নততর Mk1A মডেলের সরবরাহের অপেক্ষায় রয়েছে।
দুর্ঘটনার কারণ এখনও স্পষ্ট নয়। তদন্ত না হওয়া পর্যন্ত বায়ুসেনা এখনও স্পষ্ট করে এর বেশিকিছু বলতে চাইছে না। গোটা ঘটনায় আন্তর্জাতিক বিমানমহলে শোকের ছায়া নেমে এসেছে।












Click it and Unblock the Notifications