করোনা প্রাদুর্ভাবের পিছনে ‘রহস্যময়’ উহান ল্যাব? ফৌসির রিপোর্ট প্রকাশের দাবিতে বেকায়দায় চিন
করোনা প্রাদুর্ভাবের পিছনে ‘রহস্যময়’ উহান ল্যাব? ফৌসির রিপোর্ট প্রকাশের দাবিতে বেকায়দায় চিন
করোনার উৎস কী চিনের উহান ল্যাব? হঠাৎ এইভাবে কোভিড সংক্রমণ শুরু হল কীভাবে? এহেন একগুচ্ছ প্রশ্নের উত্তর এখনও অজানা বিজ্ঞানীদের কাছে। আর তারই খোঁজে কিছুমাস আগে জিনপিংয়ের দেশে আগমন ঘটে হু বিশেষজ্ঞদের। যদিও চিনের বিরুদ্ধে প্রথমদিকে জোরদার সওয়াল করেন প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি একইপথে হেঁটে পুনরায় চিনের কাছে উহান ল্যাব সম্পর্কিত তথ্য প্রকাশের আর্জি জানালেন মার্কিন রোগ বিশেষজ্ঞ ডঃ অ্যান্টনি ফৌসি।

২ বছর আগের রিপোর্ট প্রকাশের দাবি ফৌসির
উহানের ল্যাবে গবেষণারত ৯ জনের স্বাস্থ্য রিপোর্ট প্রকাশের দাবি বহুদিন ধরেই করে আসছে বিশ্বের পশ্চিমী দেশগুলি। মার্কিন সংবাদপত্রের বৃহস্পতিবারের প্রতিবেদন অনুযায়ী, ২০১৯ সালের তথ্য প্রকাশের দাবি জানিয়েছেন ফৌসি। ডঃ অ্যান্টনির মতে, "২০১৯-এ উহানে গবেষণারত তিনজনের অসুস্থতার রিপোর্ট দেখতে চাই আমি। তাঁরা কি সত্যিই অসুস্থ হন, হলেও তাঁদের অসুস্থতার কারণ কী ছিল?"

কোভিড সংক্রমণের আগেই অসুস্থ উহানের গবেষক
হাতে এসেছে করোনা সংক্রান্ত চিনের গুপ্তনথি, কিছুদিন আগেই এহেন দাবি তুলে সারাবিশ্বে সাড়া ফেলে দিয়েছিলেন মার্কিন আধিকারিকরা। বর্তমানে যেভাবে বেজিংয়ে উপর চাপ বাড়াচ্ছে ওয়াশিংটন, তাতে আমেরিকার হাতে যে নথি রয়েছে, সে বিষয়ে ক্রমশ সহমত পোষণ করছেন গবেষকরা। সূত্রের খবর, চিনে প্রথম করোনা আক্রান্তের খবর মেলার একমাস আগেই উহান গবেষকের অসুস্থ হওয়ার খবর মেলে। স্বভাবতই সন্দেহ বাড়ছে উহানকে ঘিরে!

অন্যান্য দেশের উপর দোষ চাপিয়েছে চিন
চিনের বিরুদ্ধে করোনা ছড়ানোর অভিযোগ তুললেও অন্যান্য দেশ থেকে করোনা আমদানির তত্ত্ব বারংবার তুলে ধরেছে ড্রাগনের দেশ। প্রামাণ্য নথির অভাবে 'ল্যাব লিক থিওরি'-কে বরাবর উপেক্ষাই করে এসেছে চৈনিক গবেষকরা। ইতিপূর্বে চিন প্রশাসনের তরফে জানান হয়েছিল, "গ্রীস, ব্রাজিল, বাংলাদেশের মত দেশ থেকে আমদানিকৃত খাদ্যদ্রব্যের প্যাকিং বাক্সের মাধ্যমে চিনে এসেছে কোভিড জীবাণু।" যদিও চিনের সেই দাবি ভুল বলে প্রমাণিত হয় অচিরেই।

গবেষকদলের মাধ্যমে জনগণের মধ্যে করোনা?
উহানের খাদ্যবাজারের বাদুড়ের মাধ্যমে জনগণের মধ্যে ছড়িয়েছে ভাইরাস, এহেন থিওরির বিষয়ে চলেছে জোরদার গবেষণা। "আমি আগেই মেনে নিয়েছি যে পশুদেহ থেকে মানবদেহে করোনা সংক্রমণ ঘটেছে", মত ডঃ ফৌসির। যদিও উহানের 'অসুস্থ' গবেষকদের মাধ্যমেও যে অন্যান্য নাগরিকদের মধ্যে ক্রমে কোভিড ছড়িয়ে থাকতে পারে, সে সম্ভাবনাকে উড়িয়ে দিচ্ছেন না ফৌসি।












Click it and Unblock the Notifications