Donald Trump Inauguration: মসনদে দ্বিতীয়বার, ৪৭ তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প
Donald Trump Inauguration: ৪৭ তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন (Oath taking) ডোনাল্ড ট্রাম্প। সোমবার ভারতীয় সময় রাত সাড়ে দশটা নাগাদ মার্কিন কংগ্রেস ভবন ক্যাপিটলে (Capitol) ট্রাম্পকে শপথ বাক্য পাঠ করান আমেরিকার সুপ্রিম কোর্টের বিচারপতি (Chief Justice) জন রবার্টস। বিচারপতির বাঁদিকে বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন (Joe Biden) ও ডানদিকে ছিলেন ডোনাল্ড ট্রাম্প।
শপথ গ্রহণের পর বক্তব্যে প্রথমেই ট্রাম্প বলেন, তাঁর শাসনে আমেরিকা ফের গোটা বিশ্বে সমাদৃত হবে। 'আমেরিকা ফার্স্ট' হবে ট্রাম্প শাসনের মূল লক্ষ্য। আগের থেকে আরও শক্তিশালী হবে আমেরিকা, প্রতিশ্রুতি ট্রাম্পের। আজ, এই মুহূর্ত থেকে আমেরিকায় স্বর্ণযুগ শুরু হল বলে মন্তব্য করেন ডোনাল্ড ট্রাম্প।

বিচারের নামে প্রহসন রোখার আশ্বাস দিলেন ট্রাম্প। ট্রাম্প বলেন, বিচারব্যবস্থা বিভাগের অপব্যবহার বন্ধ করা হবে। নর্থ ক্যারোলিনা প্রদেশের সঙ্গে সবচেয়ে বেশি বঞ্চনা করা হয়েছে। নতুন সরকার সমস্ত চ্যালেঞ্জের মোকাবিলা করবে। অতীতের সব ইতিহাস মুছে আরও শক্তিশালী হবে আমেরিকা। বিচারের মাপকাঠিও পুনরায় নির্ধারণ করা হবে বলে জানান ট্রাম্প।
ট্রাম্প বলেন, "২০ জানুয়ারি, ২০২৫ আমেরিকার কাছে লিবারেশন ডে। আমরা সংবিধানও ভুলব না। ঈশ্বরকেও ভুলব না। প্রত্যেক দেশের কাছে ঈর্ষার কারণ হয়ে উঠবে আমেরিকা। কেউ আমাদের সুযোগ নিতে পারবে না। ট্রাম্প শাসনের প্রত্যেকটা দিনেরই লক্ষ্য হবে আমেরিকা ফার্স্ট। আমাদের সার্বভৌমত্ব ফিরিয়ে আনা হবে। সুরক্ষা ফিরিয়ে আনা হবে। আমাদের শীর্ষ প্রাধান্যই হবে গৌরবান্বিত, সমৃদ্ধশালী ও স্বাধীন দেশ গঠন করা।"
বক্তৃতার মাঝেই তাঁর উপর আততায়ী হামলার ঘটনার কথা উল্লেখ করেন ট্রাম্প। বলেন, "ভালো কাজ যাদের সহ্য হয় না, তারাই আমার স্বাধীনতা হরণ তথা জীবন কেড়ে নিতে চেয়েছিল। কয়েক মাস আগে পেনসিলভেনিয়ার সুন্দর মাটিতে দাঁড়িয়ে বক্তৃতার সময় কান ভেদ করে বুলেট চলে যায়। কিন্তু তখন থেকে আজও আমি বিশ্বাস করি, নির্দিষ্ট কারণের জন্যেই আমার জীবন বেঁচে গিয়েছিল। ঈশ্বর আমাকে বাঁচিয়েছিলেন আমেরিকাকে ফের শীর্ষস্থানে পৌঁছে নিয়ে যাওয়ার জন্যে।"












Click it and Unblock the Notifications