Donald Trump: “আমেরিকার ক্ষতি চায় যারা…,” ভারত, চিনকে একসারিতে রেখে বিরাট শুল্ক আরোপের হুঁশিয়ারি ট্রাম্পের
Donald Trump: যারা আমেরিকার ক্ষতি করে তাদের উপর আরও বেশি মাত্রায় শুল্ক (tariff) চাপানোর হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট (US President) ডোনাল্ড ট্রাম্প। আর সেই তালিকায় ট্রাম্প নাম নিলেন ভারত, চিন ও ব্রাজিলের। আমেরিকার রাজকোষে অর্থ সংকুলান করতে ওই দেশগুলির উপর ওয়াশিংটন আরও শুল্ক চাপাবে বলে হুঁশিয়ারি ট্রাম্পের।
এদিন ফ্লোরিডায় রিপাবলিকানদের উদ্দেশ্যে ট্রাম্প বলেন, "বিদেশের উপর আমরা বিরাট শুল্ক আরোপ করতে চলেছি। যারা আমাদের সত্যিই ক্ষতি করে, তাদের উপর শুল্ক আরোপ করা হবে। এই সমস্ত দেশগুলি কেবল নিজেদের ভালোটাই বোঝে।"

ট্রাম্প বলেন, "বাকিরা কী করে দেখুন। চিন সবচেয়ে বেশি শুল্ক আরোপ করে। ভারত, ব্রাজিল-সহ আরও দেশ রয়েছে। কিন্তু এখন থেকে আমরা তা হতে দিচ্ছি না। কারণ আমাদের উদ্দেশ্য আমেরিকা ফার্স্ট।"
সূত্রের খবর, দ্বিতীয় ট্রাম্প প্রশাসনের আওতায় আমেরিকার নতুন বাণিজ্য নীতি মাথায় রেখে ঘুঁটি সাজাচ্ছে ভারতও। নয়া নীতিতে ভারতের রপ্তানিকৃত পণ্যের উপর শুল্কের খাঁড়া নেমে আসতে পারে। অর্থমন্ত্রকের অন্দরে এনিয়ে আলোচনাও চলছে বলে জানা গিয়েছে। গতকালই অর্থ দফতরকে বাণিজ্যে বড় রকমের ঘাটতির নেপথ্যের কারণ খুঁজে দেখার নির্দেশ দেন ট্রাম্প। আর তার একদিন বাদে এবার অন্যান্য দেশগুলির উপর বিরাট শুল্ক চাপানোর হুঁশিয়ারি ট্রাম্পের।
প্রসঙ্গত, আয়কর প্রত্যাহার করে শুল্ক নির্ভর অর্থনৈতিক ব্যবস্থা ফেরানোর প্রস্তাব দিয়েছেন ট্রাম্প। অর্থাৎ, আমেরিকায় উঠে যেতে চলেছে আয়কর ব্যবস্থা। বার্ষিক আয়ের উপর ভিত্তি করে আর দিতে হবে না কর। ট্রাম্পের দাবি, আমেরিকাকে ধনী করে তুলতে গেলে আয়কর প্রত্যাহার করা দরকার। এর ফলে সংশ্লিষ্ট ব্যক্তি ও পরিবারগুলির ক্রয়ক্ষমতা বাড়বে ও ভোগব্যয়ও বৃদ্ধি পাবে।
ট্রাম্পের কথায়, দেশের ভাঁড়ারের টাকা আবার রাজকোষেই ফেরত যাবে। যে অর্থনৈতিক ব্যবস্থায় আমেরিকা ধনী হয়েছিল, সেই সিস্টেমের পথেই হাঁটতে চলেছে আমেরিকা। মার্কিন প্রেসিডেন্ট বলেন, "পুরোনো প্রথায় ফিরে যাওয়ার এটাই প্রকৃত সময়।"
ট্রাম্পের মতে, "যে অর্থনৈতিক প্রথায় আমরা ধনী হতে পেরেছিলাম, সর্বকালের সেরা শক্তিশালী দেশ হয়েছিলাম, সেই প্রথায় ফিরে যেতে হবে। নাগরিকদের উপর করের বোঝা চাপানোর পরিবর্তে বহির্বিশ্বের অন্যান্য দেশগুলির উপর কর আরোপ করা উচিত।"












Click it and Unblock the Notifications