গদি টলমল ট্রাম্পের! যৌনকেচ্ছা ইস্যুতে ঘুষ ও দুর্নীতিতে দোষী সাব্যস্ত প্রাক্তন দুই সঙ্গী
জালিয়াতি মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পুরনো দুই সহযোগী।
গদি কি টলমল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের? কারণ জালিয়াতি মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন ট্রাম্পের পুরনো দুই সহযোগী। তাঁরা হলেন ২০১৬ সালে ট্রাম্পের নির্বাচনী প্রচারের প্রধান পল ম্যানাফোর্ট ও প্রাক্তন আইনজীবী মাইকেল কোহেন।

দুটি আলাদা মামলায় দুজনেই দোষ স্বীকার করেছেন ও আদালত তাঁদের দোষ মেনে রায় দিতে চলেছে। ভার্জিনিয়ার আদালত আটটি অভিযোগে ম্যানাফোর্টকে দোষী সাব্যস্ত করেছে। তার পাশাপাশি নিউ ইয়র্কের আদালতে দোষ স্বীকার করেন ট্রাম্পের প্রাক্তন আইনজীবী মাইকেল কোহেন।
কর ফাঁকি, ব্যাঙ্ক জালিয়াতি, বিদেশের ব্যাঙ্কে অ্যাকাউন্ট রেখে তা গোপন করা সহ একাধিক অভিযোগ প্রমাণিত হয়েছে ম্যানাফোর্টের বিরুদ্ধে। ২০১৬ সালের মার্কিন নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ নিয়ে অভিযোগের প্রেক্ষিতে যে মামলা হয়েছিল তাতেই অভিযুক্ত ছিলেন ম্যানফোর্ট।
অন্যদিকে কোহেনের বিরুদ্ধে যে অভিযোগ ছিল তার তিনি অনেকগুলিই স্বীকার করে নিয়েছেন। বিশেষ করে অবৈধ উপায়ে অর্থ খরচের বিষয়টি। যদিও কোহেন জানিয়েছেন, ট্রাম্পের সঙ্গে এক পর্ন তারকা ও এক প্লে বয় মডেলের সম্পর্ক গোপন রাখতেই আইন না মেনে তিনি অর্থ খরচ করেন। তার পুরোটাই ট্রাম্পের অঙ্গুলিহেলনে হয়েছিল বলে তিনি দাবি করেছেন। এছাড়া কর ফাঁকি, আর্থিক অনিয়মের অভিযোগও তিনি মেনে নিয়েছেন।
আদালতে কোহেনের আইনজীবী সওয়াল করেন, যদি ট্রাম্পের কথা মেনে পর্ন তারকাকে টাকা দেওয়া অপরাধ হয় তাহলে কেন ট্রাম্পের বিরুদ্ধে অপরাধ হিসাবে তা গণ্য হবে না? কোহেন দোষী হলে ট্রাম্পও দোষী, আদালতে বলেছেন কোহেনের আইনজীবী লেনি ডেভিস।
প্রসঙ্গত, ম্যানাফোর্ট ট্রাম্পের খুব ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। আর আইনজীবী কোহেন এক দশকের বেশি ট্রাম্পের আইনজীবী হিসাবে কাজ করেছেন। দুজনের দোষ প্রমাণ হলেও পরে সাজা ঘোষণা হবে।












Click it and Unblock the Notifications