Kash Patel: এফবিআই প্রধান হচ্ছেন কাশ প্যাটেল, ফের এক ভারতীয় বংশোদ্ভূতকে গুরুদায়িত্ব ট্রাম্পের
Kash Patel: আমেরিকার ভাবী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) সরকারে ফের এক ভারতীয় বংশোদ্ভূতের নাম। ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন বা এফবিআইয়ের (FBI) প্রধান হিসেবে কাশ প্যাটেলকে দায়িত্ব দিলেন ট্রাম্প। ট্রাম্পের আস্থাভাজন বলেই সেদেশে সুপরিচিত কাশ প্যাটেল।
কাশ প্যাটেলের পুরো নাম কাশ্যপ প্যাটেল। প্রথম ট্রাম্প সরকারে আমেরিকার প্রতিরক্ষা মন্ত্রকের চিফ অফ স্টাফ ছিলেন তিনি। ওয়াশিংটনের রাজনীতিতে কান পাতলে এতদিন শোনা যাচ্ছিল সেন্ট্রাল ইনটেলিজেন্স এজেন্সি বা সিআইএ-র প্রধান হতে পারেন কাশ। তবে সেই পদের জন্য অপর এক ঘনিষ্ঠ সঙ্গী জন ব়্যাটক্লিফকে (John Ratcliffe) বেছে নিয়েছেন ট্রাম্প।

সোশ্যাল মিডিয়ায় পোস্টে ট্রাম্প জানান, "কাশ্যপ 'কাশ' প্যাটেল এফবিআই-এর পরবর্তী পরিচালক হিসেবে কাজ করবেন। আমি ওঁর নাম ঘোষণা করতে পেরে গর্বিত। কাশ অন্যতম বুদ্ধিমান একজন আইনজীবী ও গোয়েন্দা এবং অবশ্যই 'আমেরিকা ফার্স্ট' বাক্যে বিশ্বাসী। আমেরিকাবাসীর সুরক্ষায় নিজের কেরিয়ারে দুর্নীতির পর্দাফাঁস-সহ ন্যায়ের দাবিতে লড়াইয়ের সম্মুখীন হয়েছেন কাশ।"
কাশ প্যাটেলের কাজেরও ভূয়সী প্রশংসা করেন ট্রাম্প। বলেন, "আমার প্রথম সরকারে অভূতপূর্ব কাজ করেছেন কাশ। প্রতিরক্ষা মন্ত্রকের চিফ অফ স্টাফ ও ন্যাশনাল ইনটেলিজেন্স বিভাগের ডেপুটি ডিরেক্টর হিসেবে কাজ করেছেন তিনি। জাতীয় নিরাপত্তা কাউন্সিলে সন্ত্রাস দমন শাখার সিনিয়র ডিরেক্টর হিসেবেও কাজ করেছেন তিনি।"
রিপাবলিকান দলের হয়ে বরাবরই কাজ করে এসেছেন ভারতীয় বংশোদ্ভূত কাশ। ২০১৭ সালে হাউস ইনটেলিজেন্স কমিটিতে সিনিয়র কাউন্সেলের দায়িত্ব সামলেছেন তিনি। ২০১৯ সালে হোয়াইট হাউসে কাউন্টার টেররিসম ডিরেক্টরেট অফ দ্য ন্যাশনাল সিকিওরিটি কাউন্সিল বা এনএসসির সিনিয়র ডিরেক্টর পদে ছিলেন। ২০২০-তে প্রতিরক্ষা বিভাগের প্রধানের দায়িত্ব পান। বর্তমানে ১ লক্ষ ২০ হাজার ডলার আয় করেন কাশ।
এফবিআইয়ের দায়িত্ব পেয়েই একাধিক রদবদলের ঘোষণা করেছেন প্যাটেল। সংস্থার শীর্ষ নেতৃত্বকে সরিয়ে কর্তৃপক্ষের আসনে ছাঁটাইয়ের সিদ্ধান্ত প্রস্তাবে রেখেছেন তিনি। এর আগে এক সাক্ষাৎকারে প্যাটেল বলেছিলেন, আমেরিকাজুড়ে অপরাধীদের পাকড়াও করতে এফবিআইতে কর্মরত সাত হাজার কর্মীকে মাঠে নামানো হবে। ট্রাম্প সরকারে গুরুদায়িত্ব পেয়ে এবার কাশ কী করেন, তাই এখন দেখার।












Click it and Unblock the Notifications