Donald Trump Inauguration Day: রাষ্ট্রনেতা থেকে ধনকুবের, ট্রাম্পের শপথ অনুষ্ঠানে অতিথি আসনে কারা থাকছেন?
Donald Trump Inauguration Day: ৪৭ তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। সোমবার ভারতীয় সময় রাত সাড়ে দশটা নাগাদ শপথ অনুষ্ঠান (Oath Taking Ceremony) শুরু হবে। বাইরে মাইনাস ১১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকায় ক্যাপিটলের ভেতরের কক্ষেই হবে শপথ গ্রহণ অনুষ্ঠান। ৬০০ আসনের কক্ষে অতিথি তালিকায় রয়েছেন বিভিন্ন দেশ বিদেশের প্রশাসনিক আধিকারিক, ধনকুবের থেকে একঝাঁক তারকা।
মার্কিন প্রেসিডেন্টের শপথ গ্রহণ অনুষ্ঠানে সাধারণত বিদেশি রাষ্ট্রনেতাদের ডাকা হয় না। জাতীয় নিরাপত্তার স্বার্থেই মানা হয় এই নিয়ম। কিন্তু সেই নিয়মের বেড়াজাল ভেঙে একাধিক রাষ্ট্রনেতাকে তাঁর শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছেন ট্রাম্প। শপথ গ্রহণ অনুষ্ঠানে থাকবেন বিভিন্ন প্রযুক্তি উদ্যোক্তা থেকে শুরু করে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টরাও। এই নিয়ে দ্বিতীয়বার প্রেসিডেন্ট পদে বসতে চলেছেন ট্রাম্প।

ভারতের নরেন্দ্র মোদীর সরকারের প্রতিনিধি হিসেবে মার্কিন প্রেসিডেন্টের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেবেন বিদেশমন্ত্রী এস জয়শঙকর (S Jaishankar)। ভারতীয় ধনকুবের তথা রিল্যায়ান্স গোষ্ঠীর কর্ণধার মুকেশ অম্বানি ও তাঁর স্ত্রী নীতা অম্বানিও (Ambani Couple met Trump) থাকছেন অনুষ্ঠানে। রবিবারই ওয়াশিংটনে ট্রাম্পের সঙ্গে প্রাক-শপথ অনুষ্ঠানে সাক্ষাৎ সারেন অম্বানি দম্পতি।
চিনের প্রেসিডেন্ট শি জিনপিংকে আমন্ত্রণ জানানো হলেও তিনি থাকবেন না অনুষ্ঠানে। পরিবর্তে চিনের উপরাষ্ট্রপতি হ্যান জেং প্রতিনিধিত্ব করবেন। এছাড়াও বাকি রাষ্ট্রনেতাদের মধ্যে আর্জেন্টিনার প্রেসিডেন্ট জেভিয়ার মিলেই, ইকুয়েডরের প্রেসিডেন্ট ড্যানিয়েল নোবা, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, অষ্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী পেনি উওং, জাপানের বিদেশমন্ত্রী তাকেশী ইবাওয়া ও রিফর্ম ইউকে পার্টির নেতা নাইজেল ফারেজ।
প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টরাও ট্রাম্পের শপথগ্রহণ অনুষ্ঠানে অতিথি আসনে থাকতে চলেছেন। বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন তো থাকবেনই। এছাড়াও প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টদের মধ্যে বারাক ওবামা, জর্জ ওয়াকার বুশ, বিল ক্লিন্টন উপস্থিত থাকবেন।
ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানের প্রায় ২ লক্ষ টিকিট বণ্টন হয়েছে। তবে কক্ষের ভিতরে অনুষ্ঠান হওয়ায় সেখানে মাত্র ৬০০ জনেরই আসন রয়েছে। সেকারণেই ক্যাপিটলের উদ্যানে গোটা শপথের লাইভ স্ট্রিমিং করা হবে।
বিভিন্ন ধনকুবের ও সিইও-দের মধ্যে যাঁরা থাকবেন, তাঁরা হলেন টেসলার কর্ণধার ইলন মাস্ক, আমাজন প্রতিষ্ঠাতা জেফ বেজস, মেটার সিইও মার্ক জুকেরবার্গ, অ্যাপেলের সিইও টিম কুক, টিকটক সিইও সৌ চিউ, ওপেন এআই সিইও শ্যাম অল্টম্যান, গুগল সিইও সুন্দর পিচাই ও কয়েনবেসের সিইও ব্রায়ান আর্মস্ট্রং। ট্রাম্পকে শপথ বাক্য পাঠ করাবেন সেদেশের সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি জন রবার্টস।












Click it and Unblock the Notifications