পশ্চিম এশিয়ায় কূটনৈতিক তৎপরতা, সৌদি যুবরাজ ও বাহরিনের রাজার সঙ্গে ফোনালাপে শান্তির বার্তা মোদীর
পশ্চিম এশিয়ায় যুদ্ধের আগুন যখন ক্রমশ ছড়িয়ে পড়ছে, তখন কূটনৈতিক তৎপরতায় ব্যস্ত নয়াদিল্লি। সংযুক্ত আরব আমিরশাহির পর এবার সৌদি আরব ও বাহরিনের শীর্ষ নেতৃত্বের সঙ্গে টেলিফোনে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একের পর এক আলোচনায় স্পষ্ট হল এই সংকটময় মুহূর্তে আরব বিশ্বের পাশে রয়েছে ভারত।
ইরানের উপর আমেরিকা ও ইজরায়েলের সামরিক অভিযানের পর পশ্চিম এশিয়ায় উত্তেজনা তুঙ্গে। পাল্টা ক্ষেপণাস্ত্র হামলায় ইরান নিশানা করেছে আমেরিকার মিত্রদেশগুলিকে। তার জেরে ওই অঞ্চলে কর্মরত লক্ষাধিক ভারতীয়ের নিরাপত্তা নিয়ে স্বাভাবিক ভাবেই উদ্বেগ বাড়ছে। এই পরিস্থিতিতে কূটনৈতিক ভারসাম্য বজায় রাখতেই সক্রিয় হয়েছে ভারত সরকার।

প্রধানমন্ত্রী কথা বলেন সংযুক্ত আরব আমিরশাহির প্রেসিডেন্ট শেখ মহম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে। হামলার তীব্র নিন্দা জানিয়ে তিনি সংযুক্ত আরব আমিরশাহির প্রতি পূর্ণ সমর্থনের বার্তা দেন। প্রাণহানির ঘটনায় সমবেদনাও জানান।
তার পর সোমবার সৌদি আরবের যুবরাজ মহম্মদ বিন সলমন ও বাহরিনের রাজা হামাদ বিন ইসা আল খলিফার সঙ্গে পৃথকভাবে আলোচনা করেন মোদী। সমাজমাধ্যমে তিনি লেখেন, পশ্চিম এশিয়ার সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে সৌদি নেতৃত্বের সঙ্গে গঠনমূলক আলোচনা হয়েছে। ভারতের পক্ষ থেকে সংশ্লিষ্ট দেশগুলির সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা লঙ্ঘনের ঘটনায় নিন্দা জানানো হয়েছে। একই সঙ্গে দ্রুত আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার প্রয়োজনীয়তার উপর জোর দেওয়া হয়েছে। কঠিন সময়ে ভারতীয় প্রবাসীদের খোঁজখবর রাখার জন্য সৌদি নেতৃত্বকে ধন্যবাদও জানান তিনি।
উল্লেখযোগ্য বিষয় হল, ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ বিমান হামলার (যার নাম দেওয়া হয়েছে 'অপারেশন লায়নস রোর' ও 'অপারেশন এপিক ফিউরি') পর নয়াদিল্লি সরাসরি সেই অভিযানের নিন্দা করেনি। তবে ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় আমেরিকার মিত্র আরব দেশগুলির পাশে দাঁড়িয়ে সমর্থনের বার্তা দিয়েছে ভারত।
কূটনৈতিক ভাষায় এই পদক্ষেপ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। একদিকে যুদ্ধ পরিস্থিতিতে প্রবাসী ভারতীয়দের নিরাপত্তা নিশ্চিত করা, অন্যদিকে পশ্চিম এশিয়ায় ভারতের কৌশলগত সম্পর্ক অটুট রাখা এই দুই লক্ষ্য নিয়েই এগোচ্ছে নয়াদিল্লি। উত্তপ্ত মধ্যপ্রাচ্যে তাই স্পষ্ট ভারত চাইছে শান্তি, স্থিতিশীলতা ও সংলাপের পথেই সমাধান।












Click it and Unblock the Notifications