টাইটানিকের ধ্বংসাবশেষের পাশেই আরও এক ধ্বংসাবশেষের খোঁজ! শেষ পরিণতি কি এটাই?
টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষ দেখতে যাওয়া ডুবোযান নিয়ে আরও আশঙ্কার পাহাড় জমল। কারণ সংবাদ মাধ্যম সূত্রে খবর, টাইটানিকের পাশেই একটি ধ্বংসাবশেষ পড়ে রয়েছে, এমন জায়গার সন্ধান পাওয়া গিয়েছে। যদিও তা সেই ডুবোযান কিনা তা স্পষ্ট নয়। পাশাপাশি ডুবোযানের সন্ধানে ব্যাপক তল্লাশি অব্যাহত।
সবচেয়ে আশঙ্কার হল, স্থানীয় সময় অনুযায়ী, বৃহস্পতিবার সকাল পর্যন্ত অক্সিজেন ছিল। ওইটুকু যানে ৯৬ ঘণ্টার অক্সিজেন ছিল। যে সময়সীমা বৃহস্পতিবার সকালে শেষ হয়েছে। যার ফলে আরও বেশি করে আশঙ্কার পাহাড় জমেছে।

অতলান্তিক মহাসাগরের অতল গভীরে এই ডুবোযানের সন্ধানে নেমেছে আমেরিকায় এবং কানাডার প্রশাসন। একই সঙ্গে রোবট দিয়েও তল্লাশি চালানো হচ্ছে। মার্কিন কোস্ট গার্ডের তরফেই টাইটানিকের ধ্বংসাবশেষের পাশে ছোট্ট একটি ধ্বংসাবশেষের জায়গা খুঁজে পাওয়া গিয়েছে।
এই মুহূর্তে এর থেকে বেশি তথ্য জানানো হয়নি। শুধু জানানো হয়েছে সেই জায়গাটিতে কী রয়েছে তা খুঁজে বের করার চেষ্টা চলছে। পরে এই বিষয়ে বিস্তারিত জানানো হবে।
রবিবার সকালে ওই ডুবোযানে চাপিয়ে পর্যটকদের অতলান্তিক মহাসাগরের গভীরে টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে নিয়ে যাওয়া হয়েছিল। তারপরেই ঘটে গিয়েছে বিপদ। একবার অক্সিজেন শেষ হয়ে গেলে অতলান্তিকের অত গভীরে ডুবোযানের মধ্যে প্রাণ টিকিয়ে রাখা প্রায় অসম্ভব। কারণ অতলান্তিক মহাসাগরের প্রায় সাড়ে চার হাজার মিটার নীচে টাইটানিকের ধ্বংসাবশেষ পড়ে রয়েছে।
সেই ধ্বংসাবশেষ দেখতেই পাঁচজন মহাসাগরের অতল গভীরে পাড়ি জমিয়েছিলেন। এখন দেখার, শেষ পর্যন্ত ডুবোযানকে খুঁজে পেয়ে এই পাঁচজনকে বাঁচিয়ে ফিরিয়ে আনা যায় কিনা।












Click it and Unblock the Notifications