Blast In Pakistan: পাকিস্তানে রাজনৈতিক সমাবেশে ভয়াবহ বিস্ফোরণ, মৃত ও আহতের সংখ্যা বেড়ে চলেছে
Blast In Pakistan: পাকিস্তানে ফের ভয়াবহ বিস্ফোরণ। খাইবার পাখতুনখাওয়ায় খার তেহসিলে জমিয়ত উলেমা ইসলাম-ফজলের রাজনৈতিক সমাবেশ ছিল। সেখানেই বিস্ফোরণ ঘটে। ৪০-এর বেশি মানুষ নিহত। আহত ২০০-র বেশি।
মৃত ও আহতের সংখ্যা বাড়ার আশঙ্কাও রয়েছে। খাইবার পাখতুনখাওয়ার কেয়ারটেকার ইনফরমেশন মিনিস্টার ফিরোজ শাহ জামাল বলেন, বাজাউর ও পার্শ্ববর্তী এলাকার হাসপাতালগুলিকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। গুরুতর আহতদের পাঠানো হচ্ছে পেশোয়ারে।

বাজাউর ডিস্ট্রিক্ট ইমার্জেন্সি অফিসার সাদ খান পাক সংবাদমাধ্যমকে জানান, বিস্ফোরণে জমিয়ত উলেমা ইসলাম-ফজলের নেতা মৌলানা জিয়াউল্লাহ জানের মৃত্যু হয়েছে। বাজাউর জেলা হেডকোয়ার্টার্স হাসপাতালে দেড় শতাধিক আহতকে আনার কথা জানানো হয়েছে। গুরুতর আহতদের দ্রুততার সঙ্গে পাঠানো হয়েছে পেশোয়ারের লেডি রিডিং হাসপাতালে।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ও খাইবার পাখতুনখাওয়ার কেয়ারটেকার চিফ মিনিস্টার আজম খানের কাছে জেইউআই-এফের প্রধান মৌলানা ফজলুর রহমান দাবি জানিয়েছেন, দলের শ্রমিক সমাবেশে বিস্ফোরণের ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের। দলীয় কর্মীদের দ্রুত হাসপাতালে গিয়ে রক্তদানের নির্দেশ দিয়েছেন মৌলানা।

জিও নিউজকে জেইউআইএফ নেতা হাফিজ হামাদুল্লাহ জানিয়েছেন, ওই সমাবেশে তাঁর যোগ দিতে যাওয়ার কথা ছিল। কিন্তু ব্যক্তিগত কারণে যেতে পারেননি। এই দলের রাজনৈতিক ব্যক্তিত্বদের টার্গেট করে আগেও হামলা হয়েছে। সে কারণে উপযুক্ত তদন্ত দাবির পাশাপাশি বিস্ফোরণের ঘটনার তীব্র নিন্দাও করা হয়েছে।
সমাবেশে পাঁচ শতাধিক কর্মী-সমর্থক যোগ দিয়েছিলেন বলে জানা যাচ্ছে। আহতদের মধ্যে কয়েকজন সাংবাদিক রয়েছেন। বিস্ফোরণের পরই সভাস্থলে হুড়োহুড়ি পড়ে যায়। অ্যাম্বুল্যান্সে করে বিস্ফোরণে আহত ও নিহতদের হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। বিস্ফোরণস্থল ঘিরে ফেলে পুলিশ। আহতদের স্থানান্তরিত করতে লাগানো হয়েছে হেলিকপ্টারও।












Click it and Unblock the Notifications