দাউদ রয়েছে পাকিস্তানেই, বেফাঁস মন্তব্যে স্বীকার করেই ফেললেন মুশারফ
জেনারেল পারভেজ মুশারফ বেফাঁস মন্তব্যে প্রায় স্বীকার করেই ফেললেন, পাকিস্তানেই রয়েছে ভারতের মোস্ট ওয়ান্টেড অপরাধী দাউদ ইব্রাহিম।
পাকিস্তানের প্রাক্তন রাষ্ট্রপতি জেনারেল পারভেজ মুশারফ বেফাঁস মন্তব্যে প্রায় স্বীকার করেই ফেললেন, পাকিস্তানেই রয়েছে ভারতের মোস্ট ওয়ান্টেড অপরাধী দাউদ ইব্রাহিম। ভারত প্রথম থেকেই দাবি করে এসেছে যে দাউদ পাকিস্তানি সেনা ও সরকারের নিরাপদ আশ্রয়ে বহুদিন ধরেই পাকিস্তানে রয়েছে। তা নিয়ে যথেচ্ছ প্রমাণও পাক সরকারের হাতে তুলে দেওয়া হয়েছে।

পাকিস্তান সেনা বা সরকার কোনওদিনও সরকারিভাবে দাউদের পাকিস্তানে থাকার কথা স্বীকার না করলেও সকলেই জানেন, করাচিতেই আস্তান রয়েছে দাউদের। তা বিভিন্ন ভারতীয় সংবাদমাধ্যমে বারবার প্রকাশিতও হয়েছে।
এবার প্রাক্তন পাকিস্তানি রাষ্ট্রপতি পারভেজ মুশারফ এক পাকিস্তানি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এই দাবির সত্যতা স্বীকার করে ফেললেন। দাউদকে সমর্থন করে মুশারফ বলেছেন, ভারত মুসলমানদের মারছে, আর তার প্রতিক্রিয়া দেখাচ্ছে দাউদ।
মুশারফ বলেছেন, "ভারত বহুকাল ধরেই পাকিস্তানকে দোষারোপ করে এসেছে। এখন কেন আমরা ওঁদের সাহায্য করব? আমি জানি না দাউদ কোথায় রয়েছে। তবে ও পাকিস্তানেই কোথাও রয়েছে।"
কিছুদিন আগেই ব্রিটেন দাউদের পাকিস্তানের তিনটি ঠিকানা প্রকাশ করে শোরগোল ফেলে দিয়েছিল। দাউদ ইব্রাহিমের সেই ঠিকানাগুলি হল- হাউস নম্বর ৩৭, ৩০ নম্বর স্ট্রিট, ডিফেন্স হাউজিং অথোরিটি, করাচি, নুরাবাদ, করাচি ও হোয়াইট হাউস, করাচি ক্লিফটনে সৌদি মসজিদের সামনে। এছাড়া চতুর্থ আর একটি ঠিকানা রেকর্ডসে ছিল যা হল - হাউস নম্বর ২৯, মারগাল্লা রোড, এফ ৬/২ স্ট্রিট নম্বর ২২, করাচি, পাকিস্তান।
এবার পাকিস্তানের প্রাক্তন রাষ্ট্রপতি মুশারফও স্বীকার করে ফেললেন পাকিস্তানেই রয়েছে ১৯৯৩ সালের মুম্বই বিস্ফোরণের মূল ষড়যন্ত্রী দাউদ ইব্রাহিম। এরপরে পাকিস্তানের মিথ্যাচার বন্ধ হবে কিনা তা সময়ই বলবে।












Click it and Unblock the Notifications