Dawood Ibrahim: বিষপ্রয়োগের জেরে গুরুতর অসুস্থ দাউদ ইব্রাহিম, ভর্তি করাচির হাসপাতালে! দাবি সোশ্যাল মিডিয়ায়
Dawood Ibrahim: বিষপ্রয়োগের জেরে আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিম ভর্তি করাচির হাসপাতালে। এই খবর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। করাচিতে বিষপ্রয়োগ করা হয়েছে বলে দাবি করা হচ্ছে। গুরুতর অসুস্থতার কারণে দাউদ ইব্রাহিমকে করাচির হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
তবে দাউদের বিষ খাওয়ার খবর কোনও প্রতিবেদনে নিশ্চিত করা হয়নি। বলা হয়েছে, যে হাসপাতালে দাউদ ভর্তি সেখানে কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। হাসপাতালে যেখানে দাউদের চিকিৎসা হচ্ছে, সেখানে সেই একমাত্র রোগী। সেখানে হাসপাতালের শীর্ষ কর্মকর্তা আর পরিবারেরহ সদস্যদের ঢোকার অনুমতি রয়েছে।

পাকিস্তানে দাউদের বিষক্রিয়ার খবর প্রকাশের পরে সেখানে তীব্র আলোড়ন তৈরি হয়েছে। এরই মধ্যে পাকিস্তানে ইন্টারনেট সার্ভার ডাউন হওয়ার খবর পাওয়া গিয়েছে। করাচি, লাহোর, ইসলামাবাদের মতো দেশের বড় শহরগুলিতে সার্ভার বন্ধ রয়েছে। সেখানে ফেসবুক, ইনস্টাগ্রাম এবং এক্স কাজ করছে না। দাবি করা হয়েছে, রবিবার রাত আটটার পর থেকে ইন্টারনেটের গতি কমে যায়।
সারা বিশ্বে ইন্টারনেট, সাইবার নিরাপত্তা ও ডিজিটাল গভর্নেন্স পর্যবেক্ষণকারী সংস্থা নেটব্লক পাকিস্তানে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করেছে।
পাকিস্তানের সংবাদ মাধ্যম কিংবা সাংবাদিক মহলও দাউদের ব্যাপারে নিশ্চিত করে কিছু বলতে পারছে না। তাঁরা বলছেন, দাউদ ইব্রাহিমকে বিষ খাওয়ানো হয়েছে বলে শোনা যাচ্ছে। তারপরেই দাউদের স্বাস্থ্যের অবনতি হয়। যে কারণে তাঁকে করাচির হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তবে কী কারণে দাউদ হাসপাতালে ভর্তি সে সম্পর্কে কিছু জানায়নি হাসপাতাল কর্তৃপক্ষ। এই খবর সোশ্যাল মিডিয়াতেই ঘুরপাক খাচ্ছে বলে মন্তব্য করেছেন তাঁরা।
১৯৯৩ সালে মুম্বই বিস্ফোরণের মূল চক্রী দাউদ ইব্রাহিম গত দু-দশকের বেশি সময় ধরে পাকিস্তানেই বসবাস করছে। সন্ত্রাস, সংগঠিত অপরাধন, মাদক পাচার-সহ অসংখ্য অভিযোগ দাউদের বিরুদ্ধে রয়েছে।
১৯৫৫ সালে মহারাষ্ট্রের রত্নাগিরি জেলায় দাউদ ইব্রাহিমের জন্ম। পরে তার পরিবার মুম্বইয়ের ডোংরি এলাকায় চলে আসে। সত্তরের দশক থেকে দাউদ মুম্বইয়ের আন্ডারওয়ার্ল্ড ডন হয়ে ওঠে। প্রথমের দিকে হাজি মস্তানের গ্যাংয়ের সঙ্গে যুক্ত থাকলেও, পরে নিজেই গ্যাং তৈরি করে দাউদ।












Click it and Unblock the Notifications