ঘুর্ণিঝড় 'বুলবুল'-এর সঙ্গেও নাম জড়িয়ে রয়েছে পাকিস্তানের! সেই খবর রাখেন কি
ঘুর্ণিঝড় 'বুলবুল'-এর সঙ্গেও নাম জড়িয়েছে পাকিস্তানের!
ক্রমেই শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় বুলবুল। বুধবার রাত সাড়ে এগারোটার সময় গভীর নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। সেই সময় বুলবুলের অবস্থান ছিল কলকাতা থেকে ৯৩০ কিমি দক্ষিণ দক্ষিণ পূর্বে। বঙ্গোপসাগরে তৈরি হওয়া এই ঘূর্ণিঝড় আরও তীব্র আকার ধারণ করবে বলেই আশঙ্কা করা হচ্ছে। আগামী ২৪ ঘন্টায় ঘূর্ণিঝড় বুলবুল ভয়াবহ তীব্রতায় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলের দিকে এগিয়ে যেতে শুরু করতে পারে বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। তবে ভয়াবহ এই ঘুর্ণিঝড়ের নাম বুলবুল হল কী করে?
|
বুলবুলের নামকরণ কী ভাবে?
প্রতি বছর পৃথিবীর বিভিন্ন অঞ্চল ঘুর্ণিঝড়ের আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়। এই সকল ঘূর্ণিঝড়গুলিকে আমরা বিভিন্ন নামে ডাকি। অনেকের মনে প্রশ্ন জাগে ঝড়ের এত ভিন্ন ভিন্ন নাম কেন? কী ভাবেই বা হয় এই নামকরণ? ভারত মহাসাগরে হওয়া সমস্ত ঝড়ের ক্ষেত্রে এই নামকরণের দায়িত্ব বর্তায় ৮টি দেশের উপর। ভারত, বাংলাদেশ, মলদ্বীপ, মায়ানমার, ওমান, পাকিস্তান, থাইল্যান্ড, শ্রীলঙ্কা - এই দেশগুলি পালা পালা করে ঝড়গুলির নামকরণ করে। সেই ক্রমে বুলবুলের নামকরণ করেছে পাকিস্তান।

শনিবার থেকে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস
ঘূর্ণিঝড় 'বুলবুল' আপাতত ৭ কিলোমিটার প্রতি ঘণ্টার বেগে ধেয়ে আসছে ভারতীয় উপকূলের দিকে। বর্তমানে পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে বুলবুল। ওড়িশার পারাদ্বীপ থেকে ৭৩০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পূর্বে এবং পশ্চিমবঙ্গের সাগর দ্বীপ থেকে ৮৩০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থান করছে বুলবুল। অতিপ্রবল ঘূর্ণিঝড়ের জেরে শনিবার থেকে সোমবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরের দু-একটি জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। এইসব জায়গায় হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। তবে অন্য জেলাগুলির আবহাওয়া শুষ্কই থাকবে বলে জানানো হয়েছে।

তৎপর প্রশাসন
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার থেকেই উপকূল অঞ্চলে বৃষ্টি শুরু হতে পারে। সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে ওড়িশা সরকার সমস্ত জেলা প্রশাসনকে বিষয়টিতে নজর রাখতে বলেছেন। এই ঘূর্ণিঝড় বেশ কয়েকটি এলাকায় ভারী বৃষ্টিপাত ঘটাতে পারে। রাজ্যের ৩০ টি জেলার মধ্যে ১৫ টি জেলাকেই যে কোনও সম্ভাব্য বিপর্যয়ের মোকাবিলায় প্রস্তুত থাকতে বলা হয়েছে। জল জমা এবং বন্যার মতো পরিস্থিতি হতে পারে বলেও জানিয়েছেন ওড়িশা সরকারের এক কর্মকর্তা।












Click it and Unblock the Notifications