দলাই লামার সফরের পর অরুণাচলের ৬টি প্রদেশের নাম বদল চিনের মানচিত্রে
অরুণাচলের ছয়টি জায়গার নাম নিজেদের মানচিত্রে বদলে দিয়েছে চিন। এই বিষয়ে চিনের বক্তব্য, এই এলাকার সার্বভৌমত্বকে তুলে ধরতে অরুণাচলের ছয়টি জায়গার নাম বদল করা হয়েছে।
বেজিং, ১৯ এপ্রিল : অরুণাচল প্রদেশকে ভারতের অংশ বলে কখনও মানেনি চিন। এমনকী তিব্বতী ধর্মগুরু দলাই লামার ভারত সফরে আসা কখনও ভালোভাবে নেয়নি বেজিং। আর তাই দলাই লামার অরুণাচল সফরের পর রাগে ফুঁসছে চিন। আর সেই রাগে অরুণাচলের (ভারতের এই রাজ্যকে দক্ষিণ তিব্বত নামে ডাকে চিন) ছয়টি জায়গার নাম নিজেদের মানচিত্রে বদলে দিয়েছে তারা।
এই নাম বদলের বিষয়ে চিনের বক্তব্য, এই এলাকার সার্বভৌমত্বকে তুলে ধরতে অরুণাচলের ছয়টি জায়গার নাম বদল করা হয়েছে। চিনা সরকারি সংবাদমাধ্যমের তরফে এই বার্তা দেওয়া হয়েছে। এর আগে এরাই দলাই লামার সফর নিয়ে ভারতকে হুঁশিয়ারি দিয়ে জানিয়েছিল , ভারতের এই পদক্ষেপের ফল পরবর্তীকালে ভোগ করতে হবে।

সেই সূত্রেই চিনা মানচিত্রে অরুণাচল প্রদেশের ছয়টি জায়গার নাম রাখা হয়েছে ইয়ো গ্যাইনলিং, মিলা রাই, কোইডেনগার্বো রাই, মেইনকুকা, বুমো লা, নামকাপুব রাই।
জানা গিয়েছে, গত ১৩ এপ্রিল চিনা মানচিত্রে অরুণাচল প্রদেশকে দক্ষিণ তিব্বত নাম দিয়ে এই ঘোষণা করা হয়েছে। তাৎপর্যপূর্ণভাবে ওই দিনই নয়দিনের অরুণাচল প্রদেশ সফর শেষ করেন দলাই লামা।
চিনা রিপোর্টে বলা হয়েছে, দক্ষিণ তিব্বত চিনের দক্ষিণ-পশ্চিম প্রান্তে সীমান্তের অংশ। এই অংশে ভারত-চিন সীমান্ত সমস্যা রয়েছে। অরুণাচল প্রদেশকে চিন কখনও ভারতের অংশ বলে মানে না বলেও স্পষ্ট উল্লেখ করা হয়েছে।












Click it and Unblock the Notifications