ভুটান সীমান্তে দোতলা বাড়ি বানাতে শুরু করছে চিন, দাবি রয়টার্সের
ভুটান সীমান্তে দোতলা বাড়ি বানাতে শুরু করছে চিন, দাবি রয়টার্সের
বিশ্বের অন্যতম বিখ্যাত সংবাদসংস্থা রয়টার্সের দাবি, স্যাটেলাইট ইমেজ বিশ্লেষণে তারা জানতে পেরেছে ভুটান সীমান্তের বু্িতর্কিত অংশে আবারও বাড়ি বানানোর কাজ শুরু করেছে চিন৷ ভুটান সীমান্তে থাকার জায়গা নির্মাণের কাজকে অতি দ্রুত এগিয়ে নিয়ে যাচ্ছে তারা! রয়টার্স সূত্রের খবর উপগ্রহ চিত্রে ভুটান সীমান্তে চিনের তৈরি ২০০টিরও বেশি কাঠামোর খোঁজ মিলেছে! যার মধ্যে দু'তলা ভবনও রয়েছে, এবং শুধু একটি জায়গাতে নয় ভুটান সীমান্ত এলাকায় ছ'টি আলাদা স্থানে এই নির্মানকাজ চলছে বলে জানা গিয়েছে৷

মার্কিন ডেটা অ্যানালিটিক্স ফার্ম হকআই৩৬০, যারা উপগ্রহের ছবি বিশ্লেষন করে বিভিন্ন গোপন তথ্য বার করে তারাই চিনের এই নতুন নির্মাণকার্য নিয়ে রয়টার্সের সঙ্গে তথ্য আদানপ্রদান করেছে বলে জানা গিয়েছে৷ ২০২০ সালের প্রথম থেকেই ভুটানের পশ্চিম সীমান্তে কিছু জায়গায় নির্মাণ কার্য চালিয়ে আসছে চিন৷ প্রাথমিকভাবে রাস্তা তৈরি করে এবং এলাকাগুলি পরিষ্কার করে বসতি নির্মাণের জন্য বাড়ি বানানোর কাজ চালাচ্ছে লালফৌজ, এমনটাই জানা গিয়েছে৷ স্যাটেলাইট ইমেজ সংস্থা ক্যাপেলা স্পেস এবং প্ল্যানেট ল্যাবস দ্বারা সরবরাহিত উপাদানের উপর ভিত্তি করে, হকআই৩৬০ এর মিশন অ্যাপ্লিকেশন ডিরেক্টর ক্রিস বিগার্স এই তথ্য সামনে এনেছেন।
উপগ্রহ চিত্রগুলিতে ধরা পড়েছে ২০২১ সালের তুলনায় কাজের গতি বাড়িয়েছে চিন। পশ্চিম ভুটান সীমান্তে প্রথমে ছোট কাঠামো তৈরি করা হয়েছিল (সম্ভবত বাড়ির সরঞ্জাম মজুত রাখা এবং সরবরাহের জন্য) পরে সেখানে বড়বাড়ি বানানোর কাজ শুরু করে চিনারা! ভবন নির্মাণ, বিগার্সের বক্তব্য অনুসারে ২০২১ জুড়ে সীমান্তে এই দখলদারির গতি বাড়িয়ে গিয়েছে চিন!
হকআই৩৬০র অন্য দুই বিশেষজ্ঞ যারা চিনের নতুন নির্মাণ এবং ক্যাপলা স্পেসের তোলা সাম্প্রতিক ছবিগুলি বিশ্লেষণ করে জানিয়েছেন চিন নির্মিত ছ'টি কাঠামো ভুটানের বিতর্কিত সীমান্তে রয়েছে। এর মধ্যে প্রায় ১১০ বর্গ কিলোমিটারের একটি রাস্তাও রয়েছে বলে জানা গিয়েছে!
এ নিয়ে রয়টার্সের প্রশ্নের জবাবে ভুটানের পররাষ্ট্র মন্ত্রক জানিয়েছে যে সীমান্ত সমস্যা নিয়ে প্রকাশ্যে কথা বলা ভুটানের নীতি বিরুদ্ধ। মন্ত্রণালয় এর বেশি মন্তব্য করতে রাজি হয়নি। অন্যদিকে চিনের পররাষ্ট্র মন্ত্রকের বক্তব্য হল, ভুটান সীমান্তে এই নির্মাণগুলি সম্পূর্ণভাবে স্থানীয় জনগণের কাজ এবং জীবনযাত্রার মানোন্নয়নের জন্য।












Click it and Unblock the Notifications