US China Tariff: ট্রাম্পকে পাল্টা চোখরাঙানি জিনপিংয়ের! মার্কিন পণ্যে চড়া শুল্ক আরোপ চিনের
US China Tariff: ট্রাম্পের শুল্ক আরোপের পাল্টা প্রতিশোধ নিতে এবার আসরে চিন। এবার মার্কিন পণ্যের (US Goods) উপর শুল্ক (Duty) চাপাল বেজিং। মঙ্গলবার চিনের বিদেশমন্ত্রক জানিয়েছে, আমেরিকার কয়লা ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের উপর অতিরিক্ত ১৫ শতাংশ শুল্ক বসানো হবে।
এছাড়াও আমেরিকার অপরিশোধিত পেট্রোলিয়াম, কৃষি যন্ত্রপাতি, বড় গাড়ির যন্ত্রাংশের উপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক বসানোর সিদ্ধান্ত চিনের। চিন থেকে আমদানিকৃত দ্রব্যের উপর ১০ শতাংশ শুল্ক বসানোর ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। এবার তারই পাল্টা পদক্ষেপ শি জিনপিংয়ের সরকারের।

চিনের বিদেশমন্ত্রকের তরফে জারি করা ওই বিবৃতিতে বলা হয়েছে, "আমেরিকার তরফে একপেশে এই শুল্ক আরোপের সিদ্ধান্ত বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়মের পরিপন্থী। আমেরিকার নিজস্ব সমস্যা মেটাতে কখনই এহেন পদক্ষেপ উপযোগী হতে পারে না। একইসঙ্গে চিন ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে পারস্পারিক যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সহাবস্থান ছিল, তাও নষ্ট হয়েছে ট্রাম্পের এই সিদ্ধান্তের ফলে।"
শুধু পাল্টা শুল্ক আরোপ করেই থেমে থাকেনি চিন। মার্কিন টেক জায়ান্ট গুগলের বিরুদ্ধে তদন্ত করা হবে বলে জানিয়েছে চিন। গোপনীয়তা লঙ্ঘনের একটি অভিযোগে গুগলের বিরুদ্ধে তদন্ত করা হবে বলে জানিয়েছে চিনের প্রশাসনের বাজার নিয়ন্ত্রণ বিভাগ। এমনিতেই গুগল সার্চ ইঞ্জিন চিনে নিষিদ্ধ। তবে স্থানীয় স্তরে বিজ্ঞাপনদাতাদের সঙ্গে কাজ করে থাকে গুগল।
মসনদে বসার পর থেকে চিনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন ট্রাম্প। আমেরিকায় মাদক পাচারে বেজিং রাশ টানতে পারছে না বলে অভিযোগ করেন ট্রাম্প। এবার বাণিজ্য নীতিতেও একাধিক বদল ঘোষণা চিনের। আমেরিকায় রপ্তানি নিয়ন্ত্রণের সিদ্ধান্ত চিনের। মূলত টাংস্টেন ধাতুর যন্ত্রপাতি রপ্তানিতে রাশ টানা হতে পারে। একাধিক সংস্থাকেও কালো তালিকায় অন্তর্ভুক্ত করার ঘোষণা করেছে শি জিনপিংয়ের সরকার।
প্রসঙ্গত, বিশ্ব বাণিজ্যে শুল্ক যুদ্ধ শুরু করেছে আমেরিকা। মেক্সিকো ও কানাডার উপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চিনের উপরেও ১০ শতাংশ হারে শুল্ক চাপিয়েছেন ট্রাম্প। এরপরও থেমে থাকার পরিকল্পনা নেই ট্রাম্পের। ইউরোপীয় ইউনিয়নের উপর খুব শীঘ্রই শুল্ক চাপানো হবে বলে রবিবার ফের হুঁশিয়ারি দেন ডোনাল্ড ট্রাম্প।












Click it and Unblock the Notifications