ডি কোম্পানিতে ফাটল! দাউদের সঙ্গে সম্পর্ক ছেদ ছোটা শাকিলের, সমঝোতায় আইএসআই
ভারতের মোস্ট ওয়ান্টেড অপরাধীদের তালিকায় প্রথম দুটি নাম আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিম ও ছোটা শাকিলের মধ্যে সম্পর্ক ছিন্ন হয়েছে বলে খবর।
মুম্বইয়ের ধারাবাহিক বিস্ফোরণ মামলার দুই প্রধান অভিযুক্ত ও ভারতের মোস্ট ওয়ান্টেড অপরাধীদের তালিকায় প্রথম দুটি নাম আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিম ও ছোটা শাকিলের মধ্যে সম্পর্ক ছিন্ন হয়েছে বলে খবর। আর কারণটা অনেকটা বলিউড সিনেমায় দেখানো গল্পের প্লটের মতো।

সবচেয়ে বিশ্বস্ত সঙ্গী
দাউদের সবচেয়ে বিশ্বস্ত সঙ্গী হয়ে গত তিন দশক ধরে ডি কোম্পানির সমস্ত ব্যবসা ও কর্মকাণ্ড সামলেছে শাকিল। তবে এখন দাউদের ছোট ভাই আনিস ইব্রাহিম শাকিলকে এড়িয়ে ব্যবসা বুঝে নিতে চাইছিল। ডি কোম্পানির অপারেশনে বারবার নাক গলাচ্ছিল।

ব্যবসার সবচেয়ে বড় মাথা
শাকিল দাউদের সঙ্গী থেকেছে এতদিন। শোনা যায়, গত দুই দশকে দাউদ নিজে ব্যবসার কোনও কথা নিজে বলেনি। সবটাই ডিল করেছে শাকিল। এমনকী আনিসকেও এসব থেকে দূরে থাকতে বলেছিল। তবে এখন দাউদের অসুস্থতার সুযোগ নিয়ে ভাই আনিস এগিয়ে এসে সবটা বুঝে নিতে চাইছে।

আনিসের হুমকি
শোনা যাচ্ছে, এই নিয়েই গোলমাল হয়েছে দাউদের সঙ্গে ছোটা শাকিলের। সে করাচির যে বাড়িতে দাউজের সঙ্গে থাকত, সেখান থেকে বেরিয়ে অন্য জায়গায় থাকতে শুরু করেছে। এমনকী ব্যবসার কাজেও নাক গলাচ্ছে না। কারণ আনিস নাকি হুমকি দিয়ে শাকিলকে ব্যবসা থেকে দূরে থাকতে বলেছে।

ঝামেলা মেটাতে উদ্যোগী আইএসআই
ভারতের ইন্টেলিজেন্স রিপোর্ট বলছে, পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআই এখন শাকিল ও দাউদের সম্পর্ক ঠিক করতে মধ্যস্থতা করার চেষ্টা করছে। কারণ ডি কোম্পানিতে গোলমাল হয়ে ভারত বিরোধী কার্যকলাপ ধাক্কা খাবে। যেটা পাকিস্তান সরকার চাইছে না। সেজন্যই ডি কোম্পানির সমস্ত ঝামেলা মেটাতে উদ্যোগী হয়েছে পাকিস্তান।

দ্বন্দ্বে মুম্বইয়ের ডি কোম্পানি
গোয়েন্দা রিপোর্ট বলছে, মুম্বইয়ে ডি কোম্পানির সদস্যরা সকলেই এই বিষয়ে ওয়াকিবহাল। সকলে তা নিয়ে চিন্তিত রয়েছে। এতদিন ছোটা শাকিলের কাছ থেকেই নির্দেশ আসত। তবে আগামিদিনে মাদক পাচার, হওয়ালা ব্যবসা, টাকা নিয়ে খুন, ছিনতাই অপহরণের মতো ঘটনায় কে তাদের নির্দেশ দেবে তা নিয়ে এখনও ধোঁয়াশায় গ্যাংয়ের সদস্যরা। সব ঝামেলা মিটে গিয়ে এক হয়ে যাক দাউদ-শাকিল এমনটাই চাইছে মুম্বইয়ের ডি কোম্পানির সদস্যরা।












Click it and Unblock the Notifications