ক্যালিফোর্নিয়ায় সেনেটে পাশ বর্ণবৈষম্য বিরোধী বিল, বড় ঘটনা মার্কিন মুলুকে
বর্ণবৈষম্যের বিরুদ্ধে পেশ হওয়া বিল সর্বসম্মতভাবে পাশ হল ক্যালিফোর্নিয়া সেনেটে। সেই প্রদেশের সেনেট বিচারবিভাগীয় কমিটি এই বিল পাশ করেছে। ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান ব্যবসায়ীরা এই বিলের বিরুদ্ধে সরব হয়েছিলেন।
ক্যালিফোর্নিয়া প্রদেশের সেনেট সমস্ত প্রতিরোধের ঊর্ধ্বে উঠে এই বিল পাশ করেছে। ফলে সেনেটে যাওয়ার সমস্ত রাস্তা এই বিলের পরিষ্কার হয়ে গিয়েছে।

রিপোর্ট অনুযায়ী ক্যালিফোর্নিয়া সেনেট জুডিশিয়ারি কমিটি সর্বসম্মতিক্রমে জাত বা বর্ণ বৈষম্য বিরোধী বিল পাশ করেছে। ক্যালিফোর্নিয়া আমেরিকার প্রথম প্রদেশ হল যেখানে এমন বিল পাশ হল। এখন দেখার তা আইনে পরিণত হয় কিনা।
ক্যালিফোর্নিয়া আমেরিকার সমস্ত প্রদেশের মধ্য়ে সবচেয়ে বেশি জনবসতিপূর্ণ। এখানে এমন বিল পাশ হওয়ার গুরুত্ব তাই অনেকটাই বেশি। এই বিষয়ে ইকুইটি ল্যাবস ও দ্য ট্রমা অফ কাস্টের লেখক থেনমোড়ি সৌন্দর্যরাজন বলেছেন, আমি শোষিত সমস্ত মানুষের পাশে দাঁড়াচ্ছি। তাঁরা যে সুরক্ষা চান, সেটা থেকে একধাপ দূরে তাঁরা দাঁড়িয়ে রয়েছেন।
জাতিবৈষম্যের শিকার হওয়া ব্যক্তিদের দীর্ঘদিনের লড়াইয়ের ফল এই বিল পাশ। এমনটাই বলছেন অনেকে। এশিয়ান-আমেরিকানদের বিশেষ করে বারবার বর্ণবৈষম্যের শিকার হতে হয়েছে এদেশে।

এই ইকুইটি ল্য়াবস সিয়াটেলে বর্ণবৈষম্যের বিরুদ্ধে প্রথম লড়াই গড়ে তোলে। আমেরিকার প্রথম শহর হিসাবে সিয়াটেলে বর্ণবৈষম্য রদ হয়েছে। এবার হল ক্যালিফোর্নিয়া প্রদেশে। যে প্রদেশে রয়েছে প্রায় চার কোটি জনসংখ্যা।
ডেমোক্র্যাটিক চেয়ার অফ প্রোগ্রেসিভ ক্যকাসের অমর শেরগিল বলেছেন, ক্যালিফোর্নিয়া স্পষ্ট করে দিয়েছে, কোনওরকম বৈষম্যমূলক আচরণ আর বরদাস্ত করা হবে না। গত মাসে সেনেটর আইশা ওয়াহাব, যিনি ক্য়ালিফোর্নিয়ার প্রথম মুসলিম ও আফগান আমেরিকান সেনেটর, এই বিল প্রস্তাব করেন।

এদিনের ঘটনার একমাস আগেই আমেরিকার প্রথম শহর হিসাবে সিয়াটেলে বর্ণবৈষম্য বিরোধী বিল পাশ হয়। সেই বিল প্রস্তাব করেন হিন্দু ও ইন্দো-আমেরিকান ক্ষমা সাওয়ন্ত। যা ছয়-এক ভোটে পাশ হয় সিয়াটেল স্টেট কাউন্সিলে।
যদিও আগের বারের মতো এবারও এই বিলের বিরোধিতা করেছে আমেরিকার হিন্দু ব্যবসায়ী সংগঠন। তাদের মতে, এই বিল পাশ হলে আদতে বর্ণবৈষম্যকেই উসকে দেওয়া হবে। তা বন্ধ হবে না। দক্ষিণ এশীয়দের খাটো করে দেখা হবে। অর্থাৎ ভালো চেয়ে ক্ষতিই করবে নয়া এই বর্ণবৈষম্য বিল।












Click it and Unblock the Notifications