করোনার টিকা নিলেই মানুষ কুমীর! ব্রাজিল রাষ্ট্রপতির বিস্ফোরক দাবি ঘিরে চাঞ্চল্য
করোনার টিকা নিলেই মানুষ কুমীর! ব্রাজিল রাষ্ট্রপতির বিস্ফোরক দাবি ঘিরে চাঞ্চল্য
করোনা ভাইরাস-রোধি টিকা নিলে মানুষ আর মানুষ থাকবে বলে আশঙ্কাপ্রকাশ করেছেন ব্রাজিলের রাষ্ট্রপতি জাইর বোলসোনারো। সেই ভয়ে তিনি ওই টিকা নেবেন না বলেও জানিয়েছেন। পরোক্ষে মানুষকে করোনা-রোধি টিকা না নেওয়ার পরামর্শ দিয়ে চাঞ্চল্যও তৈরি করেছেন বোলসোনারো।

ঠিক কী বলেছেন বোলসোনারো
ব্রাজিলে করোনা ভাইরাসের প্রভাব কমানোর লক্ষ্যে আক্রান্তদের পিফিজার-বায়োএনটেক টিকা দেওয়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। যে টিকার পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে দারুণ আশঙ্কিত হয়েছেন সে দেশের রাষ্ট্রপতি জাইর বোলসোনারো। তাঁর কথায়, এই টিকা নিলে মানুষ কুমীরে পরিণত হবে। মহিলাদের ক্ষেত্রে এই টিকার প্রভাব আরও বেশি মাত্রায় খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছেন ব্রাজিলের রাষ্ট্রপতি।

টিকা নেবেন না বোলসোনারো
অতিমারীর উত্থানের সময় অর্থাৎ ২০১৯ সালের শেষের দিকে করোনা ভাইরাসে সামান্য ফ্লু বলে উড়িয়ে দিয়েছিলেন ব্রাজিলের রাষ্ট্রপতি। সেই রোগই যখন গোটা ব্রাজিলকে গ্রাস করেছে, তখনও এ ব্যাপারে গাছাড়া ভাব দেখাতে দ্বিধা করছেন না জাইর বোলসোনারো। জানিয়েছেন, তিনি কোনওমতেই কোভিড ১৯ টিকা নেবেন না। পরোক্ষে দেশবাসীকেও একই পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছেন ব্রাজিলের রাষ্ট্রপতি।

ব্রাজিলের পরিস্থিতি
করোনা প্রভাবিত দেশগুলির তালিকার তৃতীয় স্থানে রয়েছে ব্রাজিল। লাতিন আমেরিকার এই দেশে এখনও পর্যন্ত ৭১ লক্ষেরও বেশি মানুষ কোভিড ১৯ সংক্রমিত হয়েছেন। প্রাণ হারিয়েছেন প্রায় এক লক্ষ ৯০ হাজার মানুষ।

বিশ্বে করোনা পরিস্থিতি
বিশ্বের ২১৮টি দেশের সাত কোটি ৬০ লক্ষেরও বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। প্রাণ হারিয়েছেন প্রায় ১৭ লক্ষ মানুষ। ইতিমধ্যে প্রায় পাঁচ কোটি ৪০ লক্ষ মানুষ সুস্থ হয়ে উঠেছেন বলেও খবর।












Click it and Unblock the Notifications